মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান হিসেবে ধনকুবের উদ্যোক্তা জ্যারেড আইজ্যাকম্যানকে আবারও মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মজার বিষয় হলো, মাত্র পাঁচ মাস আগে ৪২ বছর বয়সী এই ধনকুবেরের প্রথম মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল ট্রাম্পের পক্ষ থেকে।
গত মে মাসে আইজ্যাকম্যানের মনোনয়ন প্রত্যাহার করার সময় হোয়াইট হাউস থেকে ‘আগের সম্পৃক্ততা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার’ কথা বলা হয়েছিল। যদিও নির্দিষ্ট কোনো কারণ দেখানো হয়নি। তবে ধারণা করা হয়, স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের তৎকালীন প্রকাশ্য বিরোধ এর অন্যতম কারণ ছিল। ইলন মাস্কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আইজ্যাকম্যান।
হঠাৎ কেন এই মত পরিবর্তন, তা ট্রাম্প স্পষ্ট করেননি। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নতুন মনোনয়নের কথা জানালেও আগের প্রত্যাহারের বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্প লিখেছেন, ‘মহাকাশের প্রতি জ্যারেডের আবেগ, নভোচারীর অভিজ্ঞতা ও মহাবিশ্বের রহস্য উদঘাটনে তার নিষ্ঠা নাসাকে নতুন যুগে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আদর্শ করে তুলেছে।’
কে এই জ্যারেড আইজ্যাকম্যান?
আনুমানিক ১ দশমিক ৯ বিলিয়ন ডলার সম্পদের মালিক আইজ্যাকম্যানের মূল পরিচিতি, তিনি একজন শৌখিন জেট পাইলট ও মহাকাশ পর্যটক। গত বছর তিনি প্রথম অপেশাদার নভোচারী হিসেবে মহাকাশে হাঁটার বিরল কৃতিত্ব অর্জন করেন। স্পেসএক্সের সেই ‘পোলারিস ডন’ মিশনের সম্পূর্ণ খরচ তিনি নিজেই বহন করেন।
আলোচিত এই ধনকুবেরের আরেকটি বড় পরিচয় হলো তিনি হাইস্কুল ড্রপআউট। ১৯৯৯ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি তার পেমেন্ট প্রসেসিং কোম্পানি ‘শিফট৪ পেমেন্টস’ প্রতিষ্ঠা করেন, যা তাকে বিলিয়নিয়ার বানিয়েছে। নাসার প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে হলে আইজ্যাকম্যানকে মার্কিন সিনেটের অনুমোদন পেতে হবে। সিনেটে বর্তমানে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
তবে এই অনুমোদন পাওয়া তার জন্য সহজ হবে না। এর আগে এপ্রিলে তার প্রাথমিক শুনানিতে, রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি উভয় দলের সদস্যরা তার সম্ভাব্য ‘স্বার্থের সংঘাত’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মূলত স্পেসএক্সের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর বিষয়ে তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। অনেক সিনেটরের আশঙ্কা আইজ্যাকম্যান নাসার প্রধান হলে মঙ্গল মিশনকে অগ্রাধিকার দিতে গিয়ে চাঁদে নভোচারী পাঠানোর দীর্ঘমেয়াদি সরকারি পরিকল্পনা (আর্টেমিস প্রোগ্রাম) বাধাগ্রস্ত হতে পারে।


