ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের পর শুধু বহুনির্বাচনি পরীক্ষা নেবে এমন আবেদনের প্রেক্ষিতে সেটি মঞ্জুরের পর এবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আগামী ১৭ মে শুধু ব্যবসায় শিক্ষা শাখা থেকে অংশ নেওয়া ভর্তিচ্ছুরা এ পরীক্ষায় অংশ নেবেন।
এদিকে একই ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখা থেকে অংশ নেওয়া ভর্তিচ্ছুদের ফল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশ করা হবে।
বুধবার (১৬ এপ্রিল) ঢাবির অনলাইনে ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, বলে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ থেকে জানানো হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় বহুনির্বাচনি আগামী ১৭ মে তারিখে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় প্রকাশ করা হবে এবং আগামী ১৯ এপ্রিল তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ‘একাধিক ভুল থাকায় পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রুলসহ ভর্তি পরীক্ষার ফল স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।
এদিকে ১৩ এপ্রিল বিকেলে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে, সেটি মঞ্জুর করে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ।
/আরিফ জাওয়াদ/মাহফুজ