নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী এইচএম ইব্রাহিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তাকে আগামী ৯ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দিয়েছে কমিটি।
রবিবার (৩ ডিসেম্বর) স্থানীয় অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আকবর হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানা যায়। সংশ্লিষ্ট দপ্তর খবরের কাগজকে চিঠির সত্যতা নিশ্চিত করেছে।
চিঠিতে বলা হয়, 'আপনি এইচ এম ইব্রাহিম নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিগত শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য প্রদান করেছেন। এছাড়াও আপনার পক্ষে উপস্থিত নেতাকর্মী আপনার উপস্থিতিতে ভোট প্রার্থনাসহ প্রচারণামূলক বক্তব্য প্রদান করেছেন। আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হলো।'
জানতে চাইলে নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এইচএম ইব্রাহিম খবরের কাগজকে বলেন, ‘আমি কোনো চিঠি পাইনি। তবে শুক্রবার রাতে পাল্লা বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন বেশি দেখে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেছি। চিঠির কপি হাতে পেলে ব্যাখ্যা প্রদান করা হবে।’
এ আসনে নৌকার প্রতিদ্বন্দ্বিদের মধ্যে অন্যতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও আরও সাতজন প্রার্থী রয়েছেন।
ইকবাল হোসেন মজনু/এআর