দশম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অলোক কুমার মৌলিক (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর মা মাগুরা সদর থানায় অভিযোগ করলে শনিবার (১২ এপ্রিল) অলোক কুমারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
অভিযোগ থেকে জানা গেছে, মাগুরা পুলিশ লাইন স্কুল পাড়ায় ওই শিক্ষকের ভাড়া বাসায় প্রাইভেট পড়তে গেলে সহপাঠীদের ছুটি দিয়ে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন অলোক কুমার।
মেয়েটির মা অভিযোগে লেখেন, 'গত মার্চ মাসের ৭ তারিখে সকাল ১০টার দিকে তার মেয়ে আলোক কুমার মৌলিকের কাছে মাগুরা সদর থানাধীন পৌরসভাস্থ পুলিশ লাইন্স স্কুলপাড়ার জনৈক জাকির এলাহির ২য় তলা বিল্ডিংয়ের নীচ তলায় প্রাইভেট পড়ার জন্য যায়। সেখানে গিয়ে দেখে যে, তার প্রাইভেট পড়ার রুমে কোন ছাত্র-ছাত্রী নেই। এ সময় মেয়েটি অন্যান্য ছাত্র-ছাত্রীদের বিষয়ে জিজ্ঞাসা করলে আলোক কুমার জানান সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন। এর পর আমার মেয়েকে তার রুমের ভিতরে আসতে বলে। তখন আমার মেয়ে বলে যে, সবাই চলে গেছে তাই সে আজ আর প্রাইভেট পড়বে না। তখন সে আমার মেয়েকে বলে যে, কোন ছাত্র ছাত্রী না থাকায় সে আমার মেয়েকে একাই ভাল করে ইংরেজি পড়াবে। তখন আমার মেয়ে তার কথায় রাজী হয়ে প্রাইভেট পড়ার রুমের মধ্যে গেলে সে আমার মেয়ের সঙ্গে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে থাকে এবং মেয়েটির ওপর যৌন নিপীড়ন চালায়।'
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
শ্রাবণ/মেহেদী/