লক্ষ্মীপুরের রায়পুরে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবদুর রহিম নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে ১০নং রায়পুর ইউপির চালতাতুলি এলাকার বেগম রোকেয়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে রাতেই ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুর রহিম (৪০) উপজেলার চরমোহনা ইউপির চরমোহড়া গ্রামের মৃত সেকান্তর বেপারীর ছেলে। তিনি বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।
এ দিকে ওই প্রধান শিক্ষক আবদুর রহিমের ব্যবহৃত মুঠোফোনে স্কুলছাত্রীদের সঙ্গে আপত্তিকর ছবি আছে বলে দাবি করেন স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। এর আগেও একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, এর আগেও অভিযোগ উঠেছিল ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তারপর ওই শিক্ষককে সতর্ক করা হয়েছিল। এই ঘটনায় অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রায়পুর ইউপির চালতাতুলি এলাকার ওই স্কুলের একটি কক্ষে ওই ছাত্রীসহ তার ভাইকে প্রাইভেট পড়াচ্ছিলেন প্রধান শিক্ষক আবদুর রহিম। প্রাইভেট শেষে ভাইকে দোকান থেকে চিপস আনতে পাঠিয়ে ছাত্রীকে যৌন হয়রানি করেন।
পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে এবং মায়ের কাছে বিষয়টি খুলে বললে- ঘটনাটি তার মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার দাবি করেন এবং রাতে রায়পুর থানায় প্রধান শিক্ষককে আসামি করে মামলা করেন।
স্থানীয় বাসিন্দা মো. মাহির বলেন, ‘প্রধান শিক্ষক তার প্রাইভেট পড়ানোর কক্ষে ছাত্রীদের যৌন হয়রানি করতেন বলে আমরা বেশ কয়েকমাস আগে অভিযোগ পাই। ঘটনার সত্যতা পেয়ে তাকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়।’
মিরাজ ইসলাম নামে অপর তরুণ বলেন, ‘প্রধান শিক্ষক আরও কয়েকবার ছাত্রীদের যৌন হয়রানি করেন। এসব ঘটনার প্রমাণ হিসেবে মোবাইলেও এভিডেন্স আছে।’
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আবদুর রহিম মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, ওই পরিবারকে আমার পেছনে কেউ লাগিয়ে দিয়েছেন। আমি স্থানীয় কয়েকজনের ষড়যন্ত্রের শিকার।’
আবদুর রহিমের স্ত্রী দাবি করে বলেন, ‘আমার স্বামী এরকম নয়। ৫ বছর ধরে আমি তার সঙ্গে সংসার করছি। তার মধ্যে এরকম খারাপ কিছু দেখিনি।’
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, বুধবার রাতে অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুর রহিমের বিরুদ্ধে ছাত্রীর মা থানায় মামলা করেছেন। ভুক্তভোগী ও প্রধান শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রফিকুল/মেহেদী/