বাঁশখালীতে অপহরণের ১৬ ঘণ্টার ব্যবধানে ৫ মাস বয়সি শিশু আদিয়াতকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকা থেকে বাঁশখালী থানা পুলিশের একটি টিম শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িত রোবাইদা সুলতানা আনজু (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করে। পরে রাত ৮টার দিকে বাঁশখালী থানায় এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন করে পুলিশ।
পুলিশের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ সাংবাদিকদের বলেন, গত সোমবার বিকেলে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলজ্জানি বর বাড়ি এলাকার আলী আকবরের ছেলে মনজুর আলম তার একমাত্র ছেলে ৫ মাস বয়সি আদিয়াতকে নিয়ে বাড়ির উঠানে বসা অবস্থায় প্রতিবেশী গুরা মিয়ার ছেলে মো. রিদুয়ান (৩২) শিশুটিকে কোলে নিতে চাইলে মনজুর আলম সরল বিশ্বাসে তার ছেলেকে রিদুয়ানের কোলে তুলে দেন। পরবর্তীতে রিদুয়ান কৌশলে উক্ত শিশুটিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় অনেক চেষ্টার পরও ছেলে এবং রিদুয়ানের সন্ধান না পেয়ে বাঁশখালী থানায় অপহরণ মামলা করেন।
পুলিশ জানায়, মামলার পর পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। রাতব্যাপী অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়, শিশুটি চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ গ্রামে অবস্থান করছে। এ সময় পুলিশের অভিযানে শিশুটিকে প্রবাসী নাছির উদ্দীনের বাড়ি থেকে উদ্ধার করার পাশাপাশি তার স্ত্রী রোবাইদা সুলতানা আনজুকে গ্রেপ্তার করা হয়।
রোবাইদা সুলতানা আনজু জানান, তিনি ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে শিশুটিকে তার আত্মীয় আলমগীরের মাধ্যমে বাঁশখালীর রিদুয়ানের কাছ থেকে কিনেছেন।
পুলিশ রিদুয়ান ও আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এদিকে অপহরণের ১৬ ঘণ্টার ব্যবধানে ভিকটিম শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারায় বাঁশখালী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।
শফকত/মেহেদী/