কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন এর আওতাধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে পালংখালী বিওপির সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া মাইন্যার গুদা ঘের এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় পানিতে ভাসমান অবস্থায় পরিত্যক্ত কাপড়ের ব্যাগের দুটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোর ভেতরে থাকা নীল রঙের বায়ুরোধী ৯টি প্যাকেট থেকে মোট ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির ধারণা, সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও প্রযুক্তিনির্ভর তৎপরতার কারণে চোরাকারবারীরা রাতে ইয়াবার চালানটি সীমান্তবর্তী ঘেরের পানিতে লুকিয়ে রেখে যায়। পরে দিনের বেলায় ঘেরের শ্রমিকের ছদ্মবেশে ছোট ছোট চালানে ইয়াবা পাচারের পরিকল্পনা ছিল তাদের।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মোঃ শাহীন/এসএন