লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের উপকরণ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সাকিব হোসেনের ঘরে অভিযান চালিয়ে এসব জব্দ করে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এলাকার চিহ্নিত মাদককারবারি সাকিব হোসেনের কাছে অস্ত্র রয়েছে। এরপর তার বাড়িতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের ছুরি এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক সাকিবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ছয়টি মামলা রয়েছে।
রফিকুল ইসলাম/তামান্না রুপা/