ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ট্রয় হয়ে দাঁড়িয়ে আছো তুমি মেঘবন্দি কুলাউড়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার লাল সবুজের দেশ বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ৫ ফুটবলার, শীর্ষে আছে যারা? উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল  চালকের বেদনা বৃষ্টি হয়ে ঝরে ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মামা-ভাগ্নির মৃত্যু আষাঢ় আকাশ ছোঁয়া বর্ষামুখ জনবল নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ সাদা কালো সময় পোকার টুর্নামেন্ট নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ডাকাত গ্রেপ্তার অধ্যাপক আবদুল করিম: অনন্য মনীষা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেবেন না: মির্জা ফখরুল জলাবদ্ধতার জন্য মানুষই বেশি দায়ী নিরাপদ ও বহিরাগতমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই স্বর্ণের দামে বড় পতন, কত টাকায় বিক্রি হচ্ছে আজ দিল্লির রাজপথ থেকে লোকসভায় কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার বিনিদ্র এলিজি চেতনায় নজরুল: সু-সম্পাদিত একটি দুর্লভ আকর-গ্রন্থ কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি পদোন্নতি-পদায়নে টানাপোড়েনে প্রশাসন ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনছে নরওয়ে মতলবে তুলার মিলে আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ডাকাত গ্রেপ্তার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ডাকাত গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ একাধিক হত্যা মামলার আসামি এক ডাকাতকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। অভিযানে বিভিন্ন বাহিনীর মোট ২৮০ জন কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে ওই ডাকাতকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে পৃথক অভিযানে ২২ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়েছে। এছাড়া একটি গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে আটক করা হয়।

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

অভিযানে মোট ১৮ জনকে আটক ও আইনি ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মধ্যে অস্ত্র ও গুলিসহ একজন, ইয়াবাসহ একজন, ওয়ারেন্টভুক্ত একজন এবং অনলাইন জুয়ার দায়ে সাজাপ্রাপ্ত ১৫ জন রয়েছেন।

এপিবিএন জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহীন/তামান্না রুপা/

কুলাউড়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম
কুলাউড়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ
মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি। ছবি: খবরের কাগজ

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও ভূমির মালিকানা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার কালিটি চা-বাগানে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রমিকরা এক ঘণ্টার কর্মবিরতিও পালন করেন।

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, 'বর্তমান বাজারদরের সঙ্গে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ ও অমানবিক। প্রতি বছর মাত্র ৮ টাকা করে মজুরি বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে ‘তামাশা’ ছাড়া কিছু নয়। বর্তমান ১৮৭ টাকা দৈনিক মজুরিতে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সম্মানজনক জীবনের জন্য ন্যায্য মজুরি এখন সময়ের দাবি।'

বক্তারা আরও বলেন, 'এ ভূখণ্ডে প্রায় ২০০ বছর ধরে বসবাস করলেও চা-শ্রমিকরা এখনও ভূমিহীন। ভূমির মালিকানা না থাকায় তারা নাগরিক নানা সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে চা-শ্রমিকদের জন্য ভূমির মালিকানা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।'

সমাবেশে প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, 'চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। স্বাধীন দেশের নাগরিক হয়েও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চা-শ্রমিকরা আজ আধুনিক দাসত্বের মতো জীবনযাপন করছেন। দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও তারা সর্বনিম্ন মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। দৈনিক ৫০০ টাকা মজুরি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। মজুরি বৃদ্ধি সহ ১০ দফা দাবি আদায়ে বাগানে বাগানে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে।'

সমাবেশ শেষে শ্রমিকরা একটি মিছিল বের করে বাগানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

পুলক পুরকায়স্থ/তামান্না রুপা/

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর শহরের মডার্ন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ইসলামী ছাত্রশিবির।

এ সময় দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও গণঅভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট সড়কের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সংগঠনটির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা। এ সময় মিছিল থেকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, 'গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কোনো ধরনের গড়িমসি বা কালক্ষেপণ করা হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না।'

তিনি আরও বলেন, 'দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্রশিবির রাজপথে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।'

সমাবেশে আরও বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

সুলতান মাহমুদ/তামান্না রুপা/

কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
আপডেট: ২৪ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
কুষ্টিয়ার দৌলতপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার
লাশ দেখতে এলাকাবাসির ভিড়। ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মদহ এলাকার মাঠের বাঁশের মাচা থেকে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।

নিহতের বড় ছেলে সাঈদ জানান, বৃহস্পতিবার সকালে তিনি, তার বাবা ও দুই মামা বড়গাংদিয়া ইউনিয়ন পরিষদে কাজ শেষে ফেরার পথে তারাগুনিয়া থানা মোড়ে এলাকার মুন্টু (৫০) ফোন করে তার বাবাকে দেখা করতে ডাকেন। তার বাবা মুন্টুর সঙ্গে চলে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা ও রাতে মুন্টুর কাছে বাবার খোঁজ জানতে চাইলেও তিনি কোনো উত্তর দেননি। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, ধর্মদহ গ্রামে রাস্তার পাশের একটি বাঁশের মাচায় সামিরুলের মরদেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, 'ধর্মদহ এলাকায় সামিরুল শাহ নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মিলন/তামান্না রুপা/

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির বাধায় ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান।

বিজিবি জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ছিলেন।

বিজিবি আরও জানায়, বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। এতে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।

কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, 'সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।'

উল্লেখ্য, চলতি বছরে কুষ্টিয়া-৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একাধিকবার বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এর মধ্যে ১২ জুন নারী-শিশুসহ ১২ জন, একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়ে আরও ১২ জন, ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে একজন এবং সর্বশেষ ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে প্রতিটি ঘটনায় বিজিবির সতর্ক অবস্থান এবং কোথাও কোথাও স্থানীয় জনগণের সহযোগিতায় সব পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

মিলন উল্লাহ/তামান্না রুপা/

মতলবে তুলার মিলে আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
মতলবে তুলার মিলে আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের মতলব দক্ষিণে একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর এলাকায় গৌরিপুর-মতলব পেন্নাই সড়কের পাশে আদিবা তুলার মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার খর্গপুর এলাকায় আদিবা তুলার মিলে আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মুহুর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

মিলের মালিক মো. লিটন প্রধান বলেন, 'অগ্নিকাণ্ডে আমার মিলের মেশিন, মটর, স্কেল, জুট ও তুলাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে।' 

আদিবা জুট মিলের কর্মচারী জানান, বৃহস্পতিবার বিকেলে মিলের মেশিন চালু দিতে গেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আমি চিৎকার দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনে কারখানার দুইটি মেশিন, একটি মটর, একটি ওজন স্কেল, জুট ও তুলা সম্পূর্ণ পুড়ে যায়।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সাহাদাত হোসেন/তামান্না রুপা/