কাহিনিমূলক কবিতা : দুই বিঘা জমি
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: জমি হারিয়ে উপেনের কী অবস্থা হয়েছিল?
উত্তর: জমি হারিয়ে উপেনের ছন্নছাড়া ও বিধ্বস্ত অবস্থা হয়েছিল। জমিদারের করাল গ্রাসে পড়ে উপেন তার শেষ সম্বল দুই বিঘা জমি হারায়। মিথ্যা মামলায় সব হারিয়ে উপেন বাধ্য হয় পথে বেরোতে। সন্ন্যাসী বেশে সাধুর শিষ্য হয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়। কিন্তু পৈতৃক ভিটার স্মৃতি ভুলতে পারে না। একদিন সে চির পরিচিত গ্রামে ফিরে আসে। কিন্তু গ্রামের অন্যসব ঠিক থাকলেও তার ভিটামাটি নিশ্চিহ্ন। জমি হারিয়ে উপেনের এই অবস্থা হয়।
প্রশ্ন: দুই বিঘার প্রতি উপেনের মাথা ঠেকিয়ে সম্মান দেখানোর কারণ ব্যাখ্যা করো।
উত্তর: দীর্ঘদিন পর উপেন নিজের ভিটায় ফিরে এসে আমগাছ তলায় বসলে বাতাসে দুটি আম তার কোলের কাছে পড়ে। উপেন সেই দুটি আমকে তার জন্মভূমির স্নেহের দান মনে করে দুই বিঘার প্রতি মাথা ঠেকিয়ে সম্মান জানায়।
জমিদার তার শখের বাগান দৈর্ঘ্য-প্রস্থে সমান করতে দরিদ্র উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কিনে নিতে চায়। উপেন তা দিতে অস্বীকার করলে দেড় মাসের মধ্যে মিথ্যা দেনার দায়ে জমিদার ভিটেমাটি কেড়ে নিয়ে তাকে গ্রামছাড়া করে। বহুদিন পরে আবার গ্রামে ফিরে এসে দেখে শুধু আমগাছটি ছাড়া আর কোনো আগের চিহ্ন সেখানে নেই। সেই গাছতলায় বসে উপেন দুটি পাকা আম কুড়িয়ে পায় এবং তা তার দুই বিঘা জমির স্নেহের দান বলে মনে হয়। তাই সে মাথা ঠেকিয়ে দুই বিঘাকে প্রণাম করে।
আরো পড়ুন : দুই বিঘা জমি কাহিনিমূলক কবিতার ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র
প্রশ্ন: ‘তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই।’ উপেনের রাজাকে এ কথা বলার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: কথাটি উপেন জমিদার বাবুকে বলেছিল। কারণ, তিনি অনেক জমি থাকা সত্ত্বেও উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কিনতে চেয়েছিলেন।
‘দুই বিঘা জমি’ কবিতায় জমিদার বাবু অনেক জমির মালিক, তবুও তার আরও দুই বিঘা জমির প্রয়োজন। কারণ, উপেনের বাড়ির পাশে তিনি যে ফুলের বাগান করেছেন, সেই বাগানের সঙ্গে আরও দুই বিঘা জমি যুক্ত হলে বাগানটি দৈর্ঘ্য ও প্রস্থে সমান হয়। তাই তিনি উপেনের মাথা গোঁজার একমাত্র অবলম্বন দুই বিঘা জমি কিনতে চাইলেন। এজন্যই উপেন রাজাকে ওপরের কথাটি বলেছিলেন।
প্রশ্ন: উপেনের ঘরবাড়ি ছেড়ে পথে বের হওয়ার কারণ কী?
উত্তর: উপেনের ঘরবাড়ি ছেড়ে পথে বের হওয়ার কারণ হলো জমিদারের মিথ্যা দেনার দায়ে ভিটেমাটি হারানো।
বাগানকে দৈর্ঘ্য ও প্রস্থে সমান করার জন্য জমিদার বাবু উপেনের দুই বিঘা জমি কিনতে চান। কিন্তু উপেন সাতপুরুষের ভিটেমাটি ওই দুই বিঘা জমি বিক্রি করতে রাজি হয় না। তাই জমিদার বাবু ষড়যন্ত্র করে উপেনের নামে মিথ্যা ডিক্রি করে এবং দেনার দায়ে উপেনকে সেই জমি ছেড়ে দিতে বাধ্য করে। এ কারণেই উপেন ঘরবাড়ি ছেড়ে পথে বের হতে বাধ্য হয়।
প্রশ্ন: ‘আচ্ছা, সে দেখা যাবে’ এ কথা কেন বলা হয়েছে?
উত্তর: ‘আচ্ছা, সে দেখা যাবে’ এ কথাটির মধ্য দিয়ে মূলত জমিদারের গোপন অভিসন্ধি এবং ক্রূরতা প্রকাশিত হয়েছে। জমিদার বাগান বাড়ানোর জন্য উপেনের শেষ সম্বল দুই বিঘা জমি কিনে নিতে চায়। কিন্তু উপেন কোনোভাবেই তার পিতৃপুরুষের ভিটা ছাড়তে রাজি নন। তাই সে জমিদারের কাছে মিনতি করে তার কাছ থেকে এ ভিটে কেড়ে না নেওয়ার। এতে জমিদার রাগান্বিত হয়ে ওপরের কথাটি বলে।
লেখক : সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর