ছবি: সংগৃহীত
বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার শুরু হবে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ২৮৩টি কলেজের মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ তিন হাজার। সে সময় কলেজের সংখ্যা ছিল ২৭৭টি। এবার কলেজের সংখ্যা বাড়লেও কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। কেন্দ্রের সংখ্যাও একটি কমে এবার ১১৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন রয়েছেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৭০ হাজার ৯৭৪ জন। এ ছাড়াও কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষায় অংশ নেবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক খবরের কাগজকে জানান, পরীক্ষা তদারকির জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৬৮টি কেন্দ্র, যার ২৬টি মহানগর এলাকায়। এ ছাড়া কক্সবাজারে ১৮টি, বান্দরবানে ৮টি এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে ১০টি করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে বহন করা যাবে না। কেন্দ্রসচিব, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও পরীক্ষা পরিচালনায় শিক্ষামন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, নিবন্ধনপত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সঙ্গে নিয়ে সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবদুস সাত্তার/থিওটোনিয়াস