২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলে দুর্দান্ত জয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ের পর, পরবর্তী রাউন্ডে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে ম্যাচটি নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি এবং ফরাসি কোচ দিদিয়ের দেশম।
নিউ ইয়র্কের তীব্র গরমের মধ্যে ম্যাচে জোড়া গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির পাশে নাম লিখিয়েছেন এমবাপ্পে। ম্যাচ শেষে ক্লান্ত হয়ে তিনি বলেন, ‘আমি এয়ার কন্ডিশনিংয়ের মধ্যে লকার রুমে ফিরে যেতে চাই, কারণ এখানে বেশ গরম। তবে এখন থেকেই আমরা প্যারাগুয়ে ম্যাচ নিয়ে ভাবা শুরু করব।’
ফরাসি অধিনায়ক আরও বলেন, ‘তারা (প্যারাগুয়ে) প্রমাণ করেছে যে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু তারা জার্মানিকে হারিয়েছে, তাই এটা স্পষ্ট যে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আমরা সেখানে জয়ের উদ্দেশ্য নিয়েই মাঠে নামব।’
অন্যদিকে, ফরাসি কোচ দেশম বোস্টনে প্যারাগুয়ের খেলাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। দলটির লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি তাদের খেলা দেখেছি, জার্মানিকে হারানোটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। জার্মানিও একটি দুর্দান্ত দল। এরপর রয়েছে তাদের সহজাত দক্ষিণ আমেরিকান ডিএনএ, যার কারণে তারা মাঠে অত্যন্ত আক্রমণাত্মক ও লড়াকু হয়ে ওঠে, বিশেষ করে ওয়ান-টু-ওয়ান দ্বৈরথগুলোতে। তবে এর পাশাপাশি তাদের দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছে।’
আগামী ৫ জুলাই ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ফ্রান্স এবং প্যারাগুয়ে।
পাপ্পু/অনিক/