বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও মিশর। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে প্রস্তুত সকারুসরা। প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানালেও মাঠে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জর্ডান বোস।
বোস বলেন, ‘এটি বাঁচো নয়তো মরো ধরনের ম্যাচ। সালাহ বিশ্বমানের ফুটবলার। তাকে থামানোর জন্য আমরা পরিকল্পনা করেছি এবং কোচের নির্দেশনায় সেই পরিকল্পনাকে আরও কার্যকর করার চেষ্টা চলছে।’
গ্রুপ পর্বে দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে দলটি। বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো নিজেদের প্রথম দুই ম্যাচে কোনো গোল হজম করেনি সকারুসরা।
তরুণ ডিফেন্ডারদের দৃঢ় পারফরম্যান্সে ইতোমধ্যেই প্রতিপক্ষের একাধিক তারকা ফুটবলারকে নিষ্ক্রিয় রাখতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। তবে এবার তাদের সবচেয়ে বড় পরীক্ষা হবে মিশরের দুই আক্রমণভাগের তারকা মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশকে সামলানো।
অভিজ্ঞ মিডফিল্ডার হ্রুস্তিকের বলেন, ‘আমাদের লক্ষ্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা, রক্ষণে দৃঢ় থাকা এবং আক্রমণে তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগানো। মিশর আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে, যা আমাদের জন্য পাল্টা আক্রমণের সুযোগ তৈরি করতে পারে।’
রক্ষণভাগ টানা দুই ম্যাচে ক্লিন শিট ধরে রাখলেও আক্রমণভাগে এখনও প্রত্যাশিত ধার দেখাতে পারেনি অস্ট্রেলিয়া। তবে জর্ডান বোসের বিশ্বাস, গোল পাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। প্যারাগুয়ের বিপক্ষে দল বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ের একদিন আগেই বেস ক্যাম্প ছেড়ে ডালাসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় শনিবার রাত ১২টায় ডালাস স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
পাপ্পু/অন্তরা/