ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
১ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ইংল্যান্ডের বিপক্ষে রূপকথার খোঁজে কঙ্গো গিলের রূপকথার দুই হাত ১ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে নতুন প্রতিপক্ষ ‘হিট ডোম’ শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে? ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি

গিলের রূপকথার দুই হাত

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:০০ এএম
গিলের রূপকথার দুই হাত
ছবি: সংগৃহীত

বোস্টনের আকাশে আলো ছিল অনেক। গ্যালারি ছিল উত্তুঙ্গ, মাঠে তুঙ্গস্পর্শী উত্তেজনা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রে একজন মানুষ; এক জোড়া গ্লাভস, দুই হাত আর অদ্ভুত শান্ত এক মুখ।

জার্মানির মতো দলকে টাইব্রেকারে হারিয়ে প্যারাগুয়ে যখন শেষ ষোলো নিশ্চিত করল, তখন উদযাপনের কেন্দ্রে ছিলেন গোলরক্ষক অরল্যান্ডো গিল। বিশ্বকাপ মানুষকে নতুন নায়ক উপহার দেয়। কেউ গোল করে, কেউ রেকর্ড গড়ে, কেউ আবার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে পুরো দেশের স্বপ্ন বাঁচিয়ে রাখে। ২০২৬ বিশ্বকাপে প্যারাগুয়ের জন্য সেই মানুষটির নাম অরল্যান্ডো গিল।

২৬ বছর বয়সী এই গোলরক্ষককে দেখলে প্রথমেই চোখে পড়ে তার দীর্ঘদেহ। প্রায় ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার গিল পোস্টের নিচে দাঁড়ালে গোলপোস্টটাকেই যেন ছোট মনে হয়। কিন্তু তাকে ভয়ংকর বানিয়েছে শুধু উচ্চতা নয়; ধৈর্য, লড়াই আর কঠিন সময়ের কাছে হার না মানার মানসিকতা।

প্যারাগুয়ের সান লরেঞ্জো শহরে জন্ম নেওয়া গিলের শৈশব খুব স্বস্তির ছিল না। পরিবারের আর্থিক বাস্তবতা তাকে ছোটবেলা থেকেই বুঝিয়ে দিয়েছিল; স্বপ্ন দেখতে হলে আগে টিকে থাকতে হয়। ফুটবলে শুরুটা গোলরক্ষক হিসেবে নয়। মাঠে নানা পজিশনে খেলেছেন। পরে একসময় বুঝে ফেলেন, তার জায়গাটা আসলে পোস্টের নিচে। যেখানে প্রতিটি ভুল চোখে পড়ে, আবার প্রতিটি সেভ মানুষকে নায়কও বানিয়ে দেয়।

গিলের বড় হওয়া শুধু অনুশীলনে হয়নি, হয়েছে সংসারের ভেতরেও। মাত্র দুই বছর আগেও তার পরিবার কঠিন অর্থসংকটের মধ্য দিয়ে গেছে। ফুটবল ক্যারিয়ার তখনো প্রতিষ্ঠিত হয়নি। ঠিক সেই সময় জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েন তিনি। নিজের সন্তানের চিকিৎসা দরকার। হাতে পর্যাপ্ত টাকা নেই।

তখন তিনি এমন কাজ করেন, যেটা খুব কম মানুষ করতে পারে। এক এক করে বিক্রি করে দেন নিজের জার্সি, নিজের বুট, অনুশীলনের জিনিসপত্র। এমনকি বয়সভিত্তিক জাতীয় দলের স্মৃতিও ছাড়তে হয়েছিল। ফুটবলারের অর্জন সরিয়ে রেখে বাবা হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। হয়তো সেদিন কেউ জানত না, যে ছেলে নিজের স্বপ্ন বিক্রি করছে, একদিন সেই মানুষটাই পুরো দেশের স্বপ্ন বাঁচাবে।

এই বিশ্বকাপও তার জন্য ফুলশয্যা ছিল না। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে চার গোল হজম করে প্যারাগুয়ে। সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে গিলকে নিয়ে। দেশের সাবেক তারকারাও হতাশা প্রকাশ করেন। অনেকে সেখানে ভেঙে পড়ত। গিল উল্টো আরও চুপচাপ হয়ে যান। অনুশীলন করেন। ভিডিও দেখেন। প্রতিপক্ষের শট, অভ্যাস, সিদ্ধান্ত; সব নিয়ে কাজ করেন। তারপর ধীরে ধীরে বদলাতে থাকে গল্প।

অস্ট্রেলিয়া ও তুরস্কের বিপক্ষে তিনি হয়ে ওঠেন ভরসা। কিন্তু জার্মানির বিপক্ষে যা করলেন, সেটি তাকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। ম্যাচের পরিসংখ্যান বলবে; জার্মানি বেশি বল রেখেছে, বেশি আক্রমণ করেছে, বেশি শট নিয়েছে। কিন্তু কখনো কখনো ফুটবল পরিসংখ্যান মানে না।

এ দিন জার্মানির প্রতিটি আক্রমণের সামনে দাঁড়িয়ে ছিলেন গিল। দুই হাত বাড়িয়ে, শরীর ছুড়ে দিয়ে, আবার উঠে দাঁড়িয়ে। নিয়মিত সময়, অতিরিক্ত সময়; তারপর টাইব্রেকার। কাই হাভার্টজের শট ঠেকানো দিয়ে শুরু। তাহেরের শট ফিরিয়ে শেষ। তখন শুধু একটি ম্যাচ জেতা হয়নি। প্যারাগুয়ে বিশ্বাস করতে শুরু করল; অসম্ভবও সম্ভব।

ম্যাচ শেষে তার কণ্ঠে ছিল না কোনো অহংকার। ছিল কৃতজ্ঞতা। তিনি বললেন, প্রতিটি প্রতিপক্ষকে আলাদা করে বিশ্লেষণ করা হয়েছিল, আর এই জয় দেশের মানুষের। ম্যানুয়েল নয়্যারের মতো একজন কিংবদন্তির বিপক্ষে দাঁড়িয়ে জেতাটাও তার কাছে অবিশ্বাস্য লেগেছে। অরল্যান্ডো গিলের গল্প আসলে ফুটবলের গল্পের চেয়েও বড়। এটা এমন এক মানুষের গল্প, যিনি জানেন হারানোর মানে কী। তাই বড় মুহূর্তে ভয় পান না।

বোস্টনের রাত শেষ হয়েছে। বিশ্বকাপ এগিয়ে যাচ্ছে। সামনে আরও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। কিন্তু প্যারাগুয়ে এখন জানে; গোলপোস্টের নিচে শুধু একজন গোলরক্ষক দাঁড়িয়ে নেই। দাঁড়িয়ে আছে এক বাবা, এক সংগ্রামী ছেলে, আর এমন এক মানুষ; যে একদিন নিজের জার্সি বিক্রি করেছিল সংসারের জন্য, আজ যে নিজের দুই হাতে একটি দেশের স্বপ্ন আগলে রাখছে।

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশমের দল রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হবে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে। 

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে লরেন্ট ব্ল্যাঙ্কের গোল্ডেন গোলের মাধ্যমে ফ্রান্স জয় নিশ্চিত করেছিল।

এই ম্যাচে জয় পেলে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যদি তারা সহ-আয়োজক কানাডাকে হারাতে পারে তাহলে।

এসজি/

ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ এএম
ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যাচের আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এমবাপ্পে। তবে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি ক্লোসাকে ছাড়িয়ে যান। বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১৮।

এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে এখন তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, আর তার সামনে কেবল আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। 

এ ছাড়া চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা এখন ৬। ফলে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ।

নকআউট পর্বে আরেকটি ইতিহাস গড়েছেন ফরাসি এই তারকা। বিশ্বকাপের নকআউটে তার গোল এখন ১০টি, যেখানে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই ছিল ৮টি করে গোল।

এসজি/

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ এএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স। দলের হয়ে অন্য গোলটি এসেছে ব্র্যাডলি বারকোলার পা থেকে। একাধিক সুযোগ নষ্টের হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। তবে প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট ও গোলপোস্টে বল লেগে ফিরে আসায় তারা গোল পেতে সময় নেয়।

ম্যাচের ২১ মিনিটে প্রথমবার সুইডেনের জাল কাঁপালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাসে এমবাপ্পে গোল করলেও সহকারী রেফারি পতাকা তুলে দেন।

এরপর ২৮ মিনিটে সুইডেনের আক্রমণে আলেকজান্ডার ইসাক সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন। ফ্রান্সও চাপ অব্যাহত রাখে। ৩৩ মিনিটে ওলিসের কাট-ব্যাক থেকে এমবাপ্পের শট লাগে পোস্টে, আর ৩৬ মিনিটে তার অসাধারণ বাইসাইকেল কিক ফিরে আসে পোস্টে লেগে।

অবশেষে ৪৫ মিনিটে ভাঙে গোলের অপেক্ষা। কর্নার থেকে দ্রুত পাসিং মুভে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পে ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান। একাধিক সুযোগ নষ্টের পর স্বস্তির লিড পায় ফ্রান্স।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে তারা।  ওলিসের পাস থেকে বক্সে বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৬৫ মিনিটে আবারও আক্রমণে যায় ফ্রান্স, তবে ওলিসের শট ডিফ্লেকশনে বাইরে চলে যায়। ৭১ মিনিটে এমবাপ্পে সুযোগ তৈরি করলেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ওলিসে।

ওলিসে গোলের সুযোগ হাতছাড়া করলেও এমবাপ্পে তা করেননি। ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। যদিও গোলে অবদান ছিল ওলিসের। ম্যাচের ৭৪ মিনিটে ওলিসের রক্ষণভেদী পাস বক্সে খুঁজে নেয় এমবাপ্পেকে। এরপর শান্ত মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তাতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

ম্যাচের ৮৮ মিনিটে ভিক্টর গাইকারেসের শটটি ঠেকিয়ে দেন ম্যাগনান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল। 

এসজি/

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪৫ এএম
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের রেকর্ড বই নতুন করে লিখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পাশাপাশি নকআউট পর্বে একক আধিপত্য স্থাপন করে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১০ গোল করেছেন এমবাপ্পে-যা এই পর্যায়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই নকআউটে ছিল ৮টি করে গোল।

এদিকে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন এমবাপ্পে। দুজনের গোলসংখ্যা ৬টি। যদিও মেসি এমবাপ্পের তুলনায় এক ম্যাচ কম খেলেছেন।

এমবাপ্পে ও মেসি দুজনই চলতি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে বেশ। 

এসজি/ 

শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানকে ২-১ গোলে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তী প্রতিপক্ষ কে হবে তা জানতে আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ছিল তারা। সেই ম্যাচে নরওয়ে জয় তুলে নেওয়ায় এখন দুই দলের লড়াই নিশ্চিত হয়েছে।

আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর ব্রাজিল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। বিশ্বকাপে আমাদের পরবর্তী লক্ষ্য এখন নরওয়ে। রবিবার দেখা হবে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন।’

এসজি/