প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপপর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউট পর্বে (শেষ ৩২) জায়গা করে নিয়েছে তারা। যেখানে দলটির প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ম্যাচটি কেপ ভার্দে ১-০ গোলে জিতবে বলে বিশ্বাস দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসের।
আর্জেন্টিনা গ্রুপপর্বে তিনটি ম্যাচই জিতেছে। দলটির হয়ে লিওনেল মেসি ছয়টি গোল করেছেন। তারা অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে।
স্বাভাবিকভাবেই দক্ষিণ আমেরিকার দলটি এই ম্যাচে স্পষ্ট ফেবারিট। টুর্নামেন্টের ড্র অনুযায়ী, সেমিফাইনাল পর্যন্তও তাদের জন্য তুলনামূলক সহজ পথ রয়েছে।
তবে নিজেদের আন্ডারডগ মনে করলেও কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস বিশ্বাস করেন, তার দল আরও একটি ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে বিদায় জানাতে পারে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব। যখন একটি দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন সবকিছুই সম্ভব।’
কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সব সময় চেষ্টা করা উচিত সবাইকে চমকে দেওয়ার বলেও মন্তব্য করেন নেভেস। তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ।’
তিনি আরও বলেন, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। আর সেই ভাগ্যের অংশই হলো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া। তাই আমরা আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের প্রবল ইচ্ছা নিয়ে মাঠে নামব। আমাদের লক্ষ্য পরবর্তী পর্বে জায়গা করে নেওয়া।’
এসজি/