বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা ধরে রাখার লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে বলে মন্তব্য করেছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। তার মতে, শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হলে স্বাগতিকদের ‘প্রায় নিখুঁত’ একটি ম্যাচ খেলতে হবে।
অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আগুইরে বলেন, ঘরের মাঠের দর্শকদের সমর্থন এবার মেক্সিকোর জন্য ‘দ্বাদশ খেলোয়াড়’ হিসেবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, সমর্থকদের এই উৎসাহ দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
‘এ’ গ্রুপে টানা তিন জয়ে শীর্ষে রয়েছে মেক্সিকো। তিন ম্যাচে ছয় গোল করলেও এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা। অন্যদিকে, জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর।
এর আগে দুটি বিশ্বকাপে মেক্সিকোর দায়িত্ব পালন করা ৬৭ বছর বয়সী কোচ বলেন, ‘ঘরের মাঠে খেলাটা আমাদের জন্য সত্যিকার অর্থেই দ্বাদশ খেলোয়াড়ের মতো কাজ করছে। আমরা জানি, পুরো দেশ আমাদের পেছনে রয়েছে। এই সমর্থন আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করছে।’
প্রতিপক্ষ ইকুয়েডরের প্রশংসা করে আগুইরে বলেন, সেবাস্তিয়ান বেকাসেসের দল অত্যন্ত গতিশীল, আক্রমণাত্মক এবং হাই-প্রেসিং ফুটবল খেলে। বল পুনরুদ্ধার ও এক-অন-এক লড়াইয়ে তাদের দক্ষতা উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, ‘আমি একটি অত্যন্ত আক্রমণাত্মক ইকুয়েডর দলের প্রত্যাশা করছি। তারা টুর্নামেন্টের অন্যতম সেরা দল। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের একটি প্রায় নিখুঁত ম্যাচ খেলতেই হবে।’
মেক্সিকো ১৯৮৬ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি। সে সময় দলের একজন খেলোয়াড় ছিলেন আগুইরে। অতীতের ব্যর্থতার প্রসঙ্গে তিনি বলেন, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় কিছু ভুল করেছিলেন, তবে সেসব থেকে শিক্ষা নিয়েছেন।
পাপ্পু/অনিক/