এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অত্যন্ত মর্যাদাপূর্ণ ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ টানা চতুর্থবারের মতো বেস্ট সাসটেইনেবল ব্যাংক ইন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
বৃহস্পতিবার (২৫ জুন) হংকংয়ের কনরাড হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইডকলের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের কোম্পানি সচিব জনাব এম. মাফতুন আহমেদ।
নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো খাতে অর্থায়নে ইডকলের দীর্ঘদিনের ধারাবাহিক নেতৃত্ব ও সাফল্যেরই প্রতিফলন এই আন্তর্জাতিক স্বীকৃতি।
ইডকলের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর মোরসেদ বলেন, টানা চতুর্থবারের মতো এই অর্জন বাংলাদেশের জলবায়ু অর্থায়নের মূল চালিকাশক্তি হিসেবে আমাদের ভূমিকাকে আরও দৃঢ় করল। এটি প্রমাণ করে যে, সুশৃঙ্খল ও পরিবেশ-বান্ধব অর্থায়ন বড় পরিসরে সফল করা সম্ভব—তা ইউটিলিটি-স্কেল, সৌরবিদ্যুৎ হোক কিংবা শিল্পখাতের কার্বন নিঃসরণ হ্রাস এবং গ্রামীণ কৃষকদের কাছে পরিচ্ছন্ন জ্বালানি পৌঁছে দেওয়াই হোক। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
টেকসই উন্নয়নে ইডকলের মূল অর্জনসমূহ:
গ্রিড ডিকার্বনাইজেশন, শিল্পখাতের গ্রিন ট্রান্সমিশন এবং জলবায়ু-সহনশীল কৃষি খাতে ইডকলের অবদান দৃশ্যমান:
শিল্প রুফটপ সোলার: এ পর্যন্ত ২০০ মেগাওয়াট পিকের (MWp) বেশি অর্থায়ন করা হয়েছে; ২০২৬ সালের মধ্যে লক্ষ্যমাত্রা ৩০০ মেগাওয়াট।
বিসিআরইসিএল সৌরবিদ্যুৎ কেন্দ্র (পাবনা): ৬৪.৫৫ মেগাওয়াট ধারণক্ষমতার এই প্রকল্পের জন্য ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের সিন্ডিকেটেড ঋণসুবিধা নিশ্চিতকরণ।
টেক্সটাইল খাতে জ্বালানি সাশ্রয়: গ্রিন ক্লাইমেট ফান্ডের (GCF) সঙ্গে যৌথভাবে বস্ত্র খাতের জন্য ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসুবিধা প্রদান।
সোলার সেচ পাম্প কর্মসূচি: ২০৩০ সালের মধ্যে ১০,০০০ সিস্টেম স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে, যার মধ্যে ১, ৪৯৫টি সিস্টেমের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৭০,০০০ কৃষক সুবিধা পাচ্ছেন।
ফাইন্যান্সএশিয়ার এই পুরস্কারের পাশাপাশি ২০২৬ সালে ইডকল আরও বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছে। মর্যাদাপূর্ণ দ্য অ্যাসেট ট্রিপল-এ সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এ প্রতিষ্ঠানটি প্রজেক্ট ফাইন্যান্স হাউস অব দ্য ইয়ার এবং পাবনার বিসিআরইসিএল সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য রিনিউয়েবল এনার্জি ডিল অব দ্য ইয়ার হিসেবে ভূষিত হয়।
বিজ্ঞপ্তি/নাঈম