সমুদয় রাজস্ব আয় চলে যাচ্ছে পরিচালন ব্যয়ে। উন্নয়ন যতটুকু হচ্ছে তা দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে ধারকর্জ করে। এ কারণে প্রতি বছর রাজস্বের একটা বিরাট অংশ চলে যায় ঋণের সুদ গুনতে। এ বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার। সরকার কৃচ্ছ্রসাধনের মাধ্যমে পরিচালন ব্যয় কমিয়ে বিরাট আকারের কথিত টার্গেট কমিয়ে আনতে পারে।...
দেশ পরিচালনা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে কর আদায় আবশ্যক। এই কর সাধারণত জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করে থাকে। এবারের বাজেটে কর আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করবে ৬ লাখ ২৫ হাজার কোটি টাকা। অবশিষ্ট টাকা আসবে নন-এনবিআর আর নন-ট্যাক্স রেভিনিউ থেকে।
বিগত অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছিল প্রায় ৬ লাখ কোটি টাকা। কিন্তু এ পর্যন্ত ৪ লাখ কোটি টাকাও আদায় করা সম্ভব হয়নি। এ বছরের রাজস্ব আদায়ের জন্য যে টার্গেট নির্ধারণ করা হয়েছে তার পরিমাণ প্রায় ৭ লাখ কোটি টাকা। অথচ কীভাবে, অর্থাৎ কোন জাদুবলে এ টার্গেট অর্জন করা হবে, তা বোধ্যগম্য নয়।
গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম একজন ব্যবসায়ী ও ব্যবসাবান্ধব অভিজ্ঞ ব্যক্তিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য। এর আগেও একজন ব্যবসায়ীকে অর্থমন্ত্রী করা হয়েছিল। কিন্তু জাতির অত্যন্ত দুর্ভাগ্য তিনি কোনো প্রকার ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন করতে পারেননি। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সময় একজন বিজ্ঞ রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে অর্থমন্ত্রী করায় দেশের ব্যবসায়ী সমাজ আশ্বস্ত হয়। ধারণা করা হয়েছিল, একজন ব্যবসাবান্ধব অর্থমন্ত্রী ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা বুঝবেন অর্থাৎ প্রকৃত ব্যবসাবান্ধব করনীতি গ্রহণ করবেন। এতে করে একদিকে যেমন সরকারের কর আদায়ের বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা অর্জিত হবে, তেমনি ব্যবসায়ীরাও হয়রানিমুক্ত পরিবেশে কর প্রদানের মাধ্যমে তাদের শিল্প, ব্যবসা-বাণিজ্য স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারবেন।
এই মুহূর্তে জাতীয় অর্থনীতিতে একটা মন্দাবস্থা বিরাজ করছে। ইরান যুদ্ধের কারণে সরকার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বাড়িয়ে দিয়েছে। এর নেতিবাচক প্রভাব শিল্প-বাণিজ্যের ওপর পড়ছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যবসা তথা এসএমই খাত তাদের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। বাজেটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। স্বভাবতই বেসরকারি শিল্প ব্যবসার কর্মচারীরাও অতিরিক্ত বেতন-ভাতা দাবি করবে। বর্তমান পরিস্থিতিতে বেসরকারি খাতের পক্ষে এই অর্থের জোগান দেওয়া প্রায় অসম্ভব। এর মাধ্যমে শিল্পব্যবসার অঙ্গনে একটা নৈরাজ্যকর পরিস্থিতি উদ্ভবের আশঙ্কা রয়েছে।
সাধারণত জাতীয় রাজস্ব বোর্ড তিনটি খাত থেকে রাজস্ব আদায় করে থাকে। এগুলো হলো–আমদানি শুল্ক, ভ্যাট ও আয়কর। এগুলো নিয়মিত পরিসরে আদায়ের পাশাপাশি বিভিন্নভাবে জরিমানা আদায়ের মাধ্যমে রাজস্ব আয় করে থাকে।
দেখা গেছে, বিগত বছরগুলোতে আমদানি শুল্ক আদায়ের পরিমাণ স্থির অবস্থায় রয়েছে। এজন্য সরকার অবশিষ্ট দুটি খাত অর্থাৎ ভ্যাট ও আয়কর আদায়ের পরিমাণ বাড়াতে চাচ্ছে। এ লক্ষ্যে গত ২৪ জুন সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান–মুদি, প্রসাধনী দোকানসহ ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাট ও করের আওতায় আনা হবে। উল্লেখ্য, ভ্যাটের মূলনীতি হলো ভ্যাট প্রদান করবে ভোক্তা। ব্যবসায়ীরা কালেক্টরের ভূমিকায় থাকবে। আমাদের প্রশ্ন অর্থ মন্ত্রী ক্ষুদ্র এবং অতিক্ষুদ্র ব্যবাসায়ীরা কীভাবে ভোক্তার কাছ থেকে ভ্যাট এবং কর আদায় করবে তা আমাদের বোধগম্য নয়। আর এখানে কতইবা রাজস্ব আদায় হবে তার সঠিক পরিসংখ্যান কি রাজস্ব বোর্ডের কাছে আছে? ১৯৯১ সালে বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময় ভ্যাট প্রবর্তন করা হয়। তখন বলা ছিল হাটবাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপ করা হবে না। কিন্তু এই সিদ্ধান্তটি ভ্যাট আদায়ের সঙ্গে সাংঘর্ষিক।
এবারের বাজেটে আয়কর এবং ভ্যাটের পরিধি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বর্তমান এনবিআরের যে জনবল এবং দক্ষতার অভাব রয়েছে তাতে কোনো ক্রমেই ট্যাক্স ও ভ্যাটের আওতা বিস্তৃত করা সম্ভব হবে বলে আমরা মনে করি না। এ ধরনের প্রসঙ্গ এলেই এনবিআর প্রথম অভিযোগ করে–১. তাদের জনবল স্বল্পতা, ২. যথাসময়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ ছাড় না দেওয়া, ৩. দক্ষ জনবল না থাকায় অটোমেশন চালু করা যাচ্ছে না। এগুলো তাদের পুরোনো অভিযোগ। জনবলসংকট দূর করার জন্য বাংলাদেশে অনেক স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্সে অধ্যায়নরত ইন্টার্নশিপ করছে, এমন ছাত্রদের দিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে সমস্যাটির সমাধান করা যায়। দক্ষ জনবলের অভাবে অটোমেশন চালু করা যাচ্ছে না। আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় সুপরিয়র সার্ভিসের জন্য বিসিএস বাধ্যতামূলক। প্রশ্ন থাকে যে, সারা পৃথিবি এখন ডিজিটালাইজেশনের মাধ্যমে ক্যাশলেস লেনদেন শুরু করেছে। এর জন্য আইন সংশোধন করে স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন–বুয়েট, ব্র্যাক, নর্থসাউথ, ইস্টওয়েস্টসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইটিতে পারদর্শী ছাত্রছাত্রীদের বিশেষ পরীক্ষার মাধ্যমে সরাসরি সুপিরিয়র সার্ভিসে অন্তর্ভুক্ত করা এবং সেই সঙ্গে আইটি-সংক্রান্ত পদে পদায়ন করা যেতে পারে। এই বিশাল অঙ্কের রাজস্ব আহরণ করার জন্য যে দক্ষতা, সততা, মানবিকতা দরকার তা যদি না থাকে তাহলে এ অর্থসংগ্রহ করা যাবে কি না তার অনিশ্চয়তা ও সংশয় থেকেই যাবে।
ব্যবসায়ীরা দাবি করেছেন, এখন থেকে অর্থবছরের আয়কর ও ভ্যাট রিটার্নের অর্থবছরের ৬ মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করবেন। পরবর্তী ৬ মাসে যাচাইবাছাই করে এনবিআরের বা সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তার কোনো দাবি থাকলে ওই ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ভ্যাট ও আয়করদাতাকে বছরান্তে সার্টিফিকেট দিতে হবে। যেমনভাবে বিদ্যুৎ, পানি ও গ্যাসের ক্ষেত্রে বছরান্তে দেয় বিল পরিশোধের সার্টিফিকেট দেওয়া হয়। এতে অতীতের কোনো ভূতুড়ে কথিত বকেয়া কর এসএমই খাতের ব্যবসায়ীদের কাছে দাবি করতে পারে না। তেমনিভাবে পরবর্তীতে কোনো কারণেই অডিট অথবা অর্থ ডকসের নামে ভ্যাট ও করদাতার কাছে অর্থাৎ নতুন করদাতা ও এসএমই খাতের ব্যবসায়ীদের কাছে পূর্ববর্তী অর্থ দাবি না করে করব্যবস্থাকে মানবিক করার ব্যবস্থা গ্রহণ করা।
আমাদের দেশে ভ্যাট প্রথা চালুর সময় এই ঘোষণা দেওয়া হয়েছিল যে, বিদ্যমান আবগারি শুল্ক ও বিক্রয় কর উঠিয়ে দিয়ে আধুনিক করব্যবস্থা হিসেবে ভ্যাটের প্রচলন করা হলো। পাইকারি ও খুচরা পর্যায়ে যে ভ্যাট আদায় করা হয়, তা স্রেফ বিক্রয় কর। বিগত সরকারগুলো তাদের দেওয়া অঙ্গীকার থেকে বিচ্যুত হয়ে এ ভ্যাট চালু করেছিল। ব্যবসায়ীরাও সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করতে তা মেনে নিয়েছিল। প্রথমে প্যাকেজ ভ্যাট অর্থাৎ দোকান পর্যায়ে বাৎসারিক একটি নির্দিষ্ট হারে এবং পরে বেচাকেনার হিসাব পদ্ধতি অনুসরণ করে এ ভ্যাট আদায়ের প্রস্তাব করা হলে ব্যবসায়ীরা তা মেনে নেয়। সরকার এ সময় বলেছিল, এসএমই খাতের ব্যবসাগুলোকে এর আওতামুক্ত রাখা হবে। বছরে ৩ কোটি টাকা বিক্রি পর্যন্ত দোকান ব্যবসায়ীদের থেকে ভ্যাট আদায় করা হবে না। প্রথমে সেই অঙ্গীকার মেনে চললেও বর্তমানে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এখন দৈনিক ১২০০ থেকে ১৩০০ টাকা বিক্রি হলেও সেসব দোকান ব্যবসা থেকে ভ্যাট আদায় করা হচ্ছে।
দেশে মোট ভ্যাট রেজিস্ট্রেশন হয়েছে ৮ লাখ। ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা আদায় হয়েছে ভ্যাট থেকে। এর মধ্যে এলটিইউ-ভুক্ত ১০৯টি প্রতিষ্ঠান প্রায় ৬০ শতাংশ ভ্যাট প্রদান করে। বড় ৫ হাজার প্রতিষ্ঠান প্রদান করে ৯৮ শতাংশ। এখানে ভ্যাট ফাঁকির পরিমাণ বিস্তর। এটা বন্ধ করা গেলে রাজস্ব আদায়ের জন্য সারা দেশের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের করজালে প্রবেশ করানোর প্রয়োজন হয় না। এতে বিশাল সংখ্যক ব্যবসায়ী যে হয়রানির শিকার হবে তাতে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। যেহেতু গত দুই বছর এফবিসিসিআই প্রশাসক কর্তৃক পরিচালিত হচ্ছে, সেহেতু এবার বাজেটে ব্যবসায়ীদের মতামত উপেক্ষিত হয়েছে।
সরকার কর আদায় করে মূলত দেশের উন্নয়নের স্বার্থে। সাধারণ কথায় বলা হয়, কর আদায়ের মাধ্যমে সরকারের আয়ের একটা অংশ পরিচালন খাতে ব্যয় করার পর অবশিষ্ট টাকা উন্নয়নে ব্যয় করা হবে। অথচ সমুদয় রাজস্ব আয় চলে যাচ্ছে পরিচালন ব্যয়ে। উন্নয়ন যতটুকু হচ্ছে তা দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে ধারকর্জ করে। এ কারণে প্রতি বছর রাজস্বের একটা বিরাট অংশ চলে যায় ঋণের সুদ গুনতে। এ বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার। সরকার কৃচ্ছ্রসাধনের মাধ্যমে পরিচালন ব্যয় কমিয়ে বিরাট আকারের কথিত টার্গেট কমিয়ে আনতে পারে।
লেখক: সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সাবেক সহসভাপতি, এফবিসিসিআই


