জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিনের বিশ্রামের পর আবারও অনুশীলনে ফিরেছে লিওনেল স্কালোনির দল। শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে তিনটি পজিশনে দ্বিধায় আছেন কোচ স্কালোনি।
সবচেয়ে বড় দুশ্চিন্তা সেন্ট্রাল ডিফেন্সে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পাওয়া ক্রিস্টিয়ান রোমেরোর চোটের ইতিহাসও রয়েছে একই জায়গায়। ফলে জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়। তবে ইতিবাচক দিক হলো, তার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং ফোলা অনেকটাই কমেছে। সোমবার অনুশীলনে সতীর্থদের সঙ্গে ফিরেছেন তিনি। তবুও ঝুঁকি এড়াতে চাইলে নিকোলাস ওটামেন্ডি ও লিসান্দ্রো মার্তিনেসের জুটিই দেখা যেতে পারে।
দ্বিতীয় অনিশ্চয়তা আক্রমণভাগে, বিশেষ করে মেসির সঙ্গী কে হবেন তা নিয়ে। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা অধিনায়ক লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ফিরছেন—তা প্রায় নিশ্চিত। পরিকল্পনা অনুযায়ী জুলিয়ান আলভারেসকে নকআউট পর্বে মূল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার কথা ছিল। তবে গোড়ালির চোট থেকে ফেরা এই ফরোয়ার্ড এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। অন্যদিকে লাউতারো মার্তিনেস গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, ফলে স্কালোনির সিদ্ধান্ত আরও জটিল হয়েছে।
তৃতীয় প্রশ্ন লেফট-ব্যাক পজিশন নিয়ে। নিকোলাস তাগলিয়াফিকো চোট কাটিয়ে ফিরে জর্ডানের বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। তার অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনা ভালো পারফর্ম করলেও, স্বাভাবিক পজিশনের খেলোয়াড় হিসেবে তাগলিয়াফিকোই এগিয়ে।
সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে স্কালোনিকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে—রোমেরোর ফিটনেস, আক্রমণে মেসির সঙ্গী নির্বাচন এবং বাম দিকের রক্ষণভাগের চূড়ান্ত সমন্বয়।
পাপ্পু/অন্তরা/