বিশ্বকাপ এলেই গ্রামের রহিম কাকার চায়ের দোকান আর চায়ের দোকান থাকে না। টকশো অনুষ্ঠান হয়ে যায় । চায়ের চেয়ে সেখানে বেশি চলে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক । সেখানে উপস্থিত হয় চারদলের চারজন বিশেষ ভক্ত। তারা হলেন– আরহাম (ব্রাজিল), আব্রাম (ফ্রান্স), নাবিল (আর্জেন্টিনা) আর বিপ্লব (জার্মানি)। তাদের আলোচনায় জমে ওঠে ফুটবল বিষয়ের তুমুল টকশো।
আরহাম বুক ফুলিয়ে বলে, ব্রাজিল মানেই ফুটবলের রাজা! পাঁচটা বিশ্বকাপ এমনি এমনি আসেনি।
নাবিল হেসে উত্তর দেয়, ইতিহাসের গল্প বাদ দাও, এখন মাঠ কাঁপায় আর্জেন্টিনা!
আব্রাম বলে, আধুনিক ফুটবলের নাম ফ্রান্স।
বিপ্লব চশমা ঠিক করে বলে, তোরা কথা কম বল, জার্মানি সেভেন আপের বাপ।
রহিম কাকা বিরক্ত হয়ে বলেন, তোরা চা খেতে আসিস, না বিশ্বকাপ পরিচালনা করতে আসিস?
হাসির রোল পড়ে যায়। এর পর শুরু হয় স্লোগানের লড়াই।
নাবিল বলে, ব্রাজিল মানেই সেভেন আপ, আর্জেন্টিনা জেতে বিশ্বকাপ।
আরহাম হেসে বলে, আর্জেন্টিনা তো হারপিক, জার্মানি দেয় গোল।
বিপ্লব বলে, ঠিক বলেছ ঠিক।
জার্মানি দল গোলের ইঞ্জিন, স্টার্ট হলে থামানো মুশকিল!
আব্রাম বলে, ফ্রান্স মানেই গতির ফুটবল, মনে রেখো এটা এমবাপ্পের দল।
এভাবেই স্লোগান চলতে থাকে। আর চায়ের কাপে ধোঁয়া উড়তে থাকে।
একদিন চার বন্ধু বাজি ধরল, যার দল আগে বিদায় নেবে, সে সবাইকে বিরিয়ানি খাওয়াবে।
তার পর শুরু হলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার। আরহাম লিখল, ব্রাজিল হারলে এক সপ্তাহ মোবাইল ধরব না। নাবিল লিখল, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পুরো গ্রাম নীল-সাদা পতাকায় সাজাব। আব্রাম লিখল, ফ্রান্স হারবে? আগে সূর্য পশ্চিমে উঠুক! আর বিপ্লব লিখল, শেষ হাসিটা আমার।
বিশ্বকাপ যত এগোতে লাগল, ততই কারও দল হোঁচট খেল, কারও স্বপ্ন ভাঙল। যে সবচেয়ে বেশি বড়াই করত, সে-ই একদিন সবচেয়ে চুপচাপ বসে রইল।
ফাইনালের পর আবার চারজন রহিম কাকার দোকানে মিলল। আজ কারও হাতে পতাকা নেই।
রহিম কাকা বললেন, কী রে, আজ তোদের গলা বসে গেছে নাকি?
আরহাম হেসে বলল, বুঝেছি, বড় বড় কথা বলে কাপ জেতা যায় না।
নাবিল বলল, আমি তো ভাবছিলাম দলের কোচ আমিই!
আব্রাম বলল, আমি কাপ রাখার জন্য আলমারিতে জায়গাও ঠিক করে ফেলেছিলাম!
বিপ্লব মাথা চুলকে বলল, আর আমি এমন বক্তৃতা দিয়েছি যে গ্রামের মানুষ ভাবছে আমি জার্মান দলের মুখপাত্র!
রহিম কাকা জিজ্ঞেস করলেন, তা হলে সবচেয়ে বড় চ্যাম্পিয়ন কে?
চারজন একসঙ্গে বলল, আপনার চায়ের দোকান!
–কেন?
নাবিল বলল, এখানেই তো প্রতিদিন চারটা বিশ্বকাপ, আটটা সেমিফাইনাল আর ষোলোটা ঝগড়া হয়েছে!
বিপ্লব বলল, আগামী বিশ্বকাপেও ঝগড়া হবে।
আরহাম সঙ্গে সঙ্গে বলল, তবে এবার নিয়ম বদলাবে।
–কী নিয়ম?
আব্রাম হেসে বলল, যে হারবে সে বিরিয়ানি খাওয়াবে, আর যে জিতবে সে মিষ্টি খাওয়াবে!
রহিম কাকা হেসে বললেন, বাহ! বাহ! তা হলে তোদের বিশ্বকাপে হারলেও খাওয়া, জিতলেও খাওয়া!
চারজন চায়ের কাপ ঠুকিয়ে একসঙ্গে বলল, মাঠে চ্যাম্পিয়ন হয় একজন, কিন্তু বন্ধুত্বের বিশ্বকাপে আমরা চারজনই চ্যাম্পিয়ন।