এআই ক্যামেরা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৫০০টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও বিভাগের লেক রোডে এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এআই ক্যামেরায় ১ হাজার ৫০০ মামলা দেওয়া হয়েছে, পাশাপাশি ৩৮ হাজার গাড়ির মালিকের কাছে সমন জারি করা হয়েছে। প্রতিটি মামলার জরিমানার পরিমাণ আলাদা হওয়ায় মোট আদায়ের হালনাগাদ তথ্য ট্রাফিক বিভাগের কাছে রয়েছে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।’
এআই ট্রাফিক প্রসিকিউশন নিয়ে কমিশনার বলেন, ‘ক্যামেরায় শনাক্ত হওয়া ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শুধু মোবাইলে বার্তা নয়, ডাকযোগেও (বাই পোস্ট) অভিযুক্ত গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। একইসঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত দুইটি নম্বর থেকেও এসএমএস পাঠানো হয়। এছাড়া বিষয়টি ডিএমপির ট্রাফিক ও ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।’
সাংবাদিকদের প্রশ্নে কমিশনার বলেন, ”ঢাকায় অটোরিকশা পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয় ও পুলিশ সমন্বয় করে অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে।”
নিবন্ধন ও নম্বরপ্লেটহীন এই বাহনগুলোর কারণে ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে না বলে বারবার সতর্ক করেছেন পরিবহন বিশ্লেষকরা।
তামান্না রুপা/