ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া যাবে না: বন্দর রক্ষা কমিটি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের তাৎপর্য সেনেগাল ম্যাচের আগে সতর্ক বেলজিয়াম চমেক হাসপাতালে হামে আক্রান্ত রোগীরা পেল হাইজিন কিট ও আর্থিক অনুদান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিসের যাত্রা শুরু মাঠে ফেরার লড়াইয়ে পাকুয়েতা আইওএস ও অ্যান্ড্রয়েডে ওপেনক্ল অ্যাপ টাইব্রেকারে জার্মানির বিদায়ের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর কুড়িগ্রামে তিস্তা ছাড়া সব নদ-নদীর পানি কমছে সন্তানরা ফিরিয়ে নিয়েছেন মুখ! অধিকার ফিরে পেতে প্রশাসনের শরণাপন্ন মা সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের মূল চালিকাশক্তি: আগুইরে কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আমি স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছি: সৈয়দ আব্দুল হাদী সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাছির উপদ্রব কমাতে কবরের ৩ পরীক্ষা ছাড়াই পার পেয়ে যাবেন যারা বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ নাফ নদীতে দুই বস্তায় মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের মতবিনিময় করেন। ছবি : পিআইডি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এতে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘তিস্তাপাড়ের মানুষের সংকট অত্যন্ত গভীর ও মানবিক। বর্ষায় নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র অভাব উত্তরাঞ্চলের মানুষকে চরম সংকটে ফেলে। তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণ করা। এই কাজে চীনের বিপুল দক্ষতা (এক্সপার্টিজ) এবং প্রয়োজনীয় ফান্ড রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছেন।’

প্রকল্পটি নিয়ে ভূ-রাজনৈতিক কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে জণগণ ও তার নিজস্ব স্বার্থে পদক্ষেপ নেবে। এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রকাশের অধিকার রাষ্ট্রের রয়েছে। আমাদের এই উন্নয়নমূলক পদক্ষেপে অন্য কোনো দেশের কনসার্ন হওয়ার কারণ দেখি না। ভারত বা অন্য যেকোনো দেশ বাংলাদেশের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র হিসেবেই এনগেজ করবে। যদি কারও কোনো সিকিউরিটি বা নিরাপত্তা কনসার্ন থাকেও, বাংলাদেশ তা মাথায় রাখবে। এসব সংবেদনশীল বিষয়ে কোনো আপস না করেই কাজ করবে।’

বিগত আমলের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত সরকারের সময় জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে শুধু একটি নয়, একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থান থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। আমরা যেকোনো দেশের সঙ্গে পারস্পরিক ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করেই কাজ করব।’

জাহেদ উর রহমান আরও বলেন, ‘এই প্রকল্প বা ব্যারেজ নির্মাণের অর্থ এই নয় যে বাংলাদেশ নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করা ছেড়ে দিচ্ছে। আমরা তিস্তা ও গঙ্গাসহ অভিন্ন ৫৩টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তবে নদী শাসন ও সুরক্ষায় অভ্যন্তরীণ ডাউনস্ট্রিম ব্যারেজ প্রকল্পের কাজ নিজেদের স্বার্থেই দ্রুত করতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচার-প্রচারণায় গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ, দুর্নীতি প্রতিরোধে দুদকের স্বাধীন ভূমিকা এবং খুব দ্রুতই নতুন তথ্য কমিশন গঠনের অগ্রগতির বিষয়ে সরকারের অবস্থান ও নীতি বিস্তারিতভাবে তুলে ধরেন।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন। ‍সূত্র: বাসস

আজহার/

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। বাংলাদেশ কাউকেই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না।’

বুধবার (১ জুলাই) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর বাসভবনে হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে একটি স্মারক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও এ ক্ষেত্রে দেশের অর্জনের কথাও স্মরণ করেন।

ইতালি দূতাবাসের কনস্যুলার চ্যান্সেলরির প্রধান লরা শিলা অনুষ্ঠানের সূচনা করেন। পরে তিনি পুষ্পস্তবক অর্পণের আগে হামলার সব নিহত ব্যক্তির নাম পাঠ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) আলবার্ট সিয়া এবং বাংলাদেশ পুলিশের প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করেন।

হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১ জুলাইয়ের সন্ত্রাসী হামলাকে মানবতার ওপর এক নৃশংস আঘাত হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশান কূটনৈতিক এলাকায় অবস্থিত হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। তাদের মধ্যে ৯ জন ইতালি, সাতজন জাপান, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।

পরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ হামলাকারী নিহত হন। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এই জিম্মিসংকট বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত। সূত্র: ইউএনবি

অমিয়/

রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ এর জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ করে দেওয়া হবে। কিন্তু রোগীদের দেখাশোনা চিকিৎসকদের করতে হবে। চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা ঠিকমতো দায়িত্ব পালন না করলে বা জবাবদিহি নিশ্চিত না করলে ও নৈতিকতার চর্চা না করলে কোনোদিন জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব না। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেটে দ্বিতীয় বৃহত্তম বরাদ্দ পেয়েছে স্বাস্থ্যখাত।

অন্তরা/

রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু আজ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করেন। ছবি : খবরের কাগজ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউস উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)। উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নবনির্মিত পার্ক ও রেস্ট হাউজের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
 
ভূমিমন্ত্রী বলেন, ’নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণ এবং পরিবার-পরিজনের সঙ্গে অবসর কাটানোর জন্য আরডিএ পার্ক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। আধুনিক ও উন্মুক্ত বিনোদন সুবিধা নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি আরডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।’
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
এনায়েত করিম/আজহার/

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের ৬০০ কেজি আম উপহার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০২:২১ পিএম
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের ৬০০ কেজি আম উপহার
ছবিঃ খবরের কাগজ

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমভর্তি একটি কাভার্ডভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছে।

আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

প্রতিবছরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়। ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকেও উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠিয়ে থাকেন। 

মঙ্গলবার দুপুরে ১২০টি কার্টনে করে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়। হাইকমিশন থেকে আমগুলো মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দেওয়া হবে। 

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, উপহারের আমগুলো কাস্টমস ক্লিয়ারিং করে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। হাইকমিশন থেকে আমগুলো বন্টন করা হবে। 

আজিজুল সঞ্চয়/অদিতি/

টেক্সটাইল খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
টেক্সটাইল খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

আগামীতে টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে গবেষণা, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বুটেক্সে ভর্তি হওয়া কোনোভাবেই অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারার বিকল্প নয়। বরং এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

তিনি জানান, চলতি বছর বুটেক্সের প্রায় ২০ জন শিক্ষার্থী বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে, বিশেষ করে প্রশাসন, পররাষ্ট্র ও পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া বুটেক্সের সাবেক শিক্ষার্থীরাও দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের পরিচয় দিচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা দেখে গর্ববোধ হয়। তবে দেশের বাজারেও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড তৈরি করতে হবে এবং এ জন্য উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের এই উদ্ভাবনের নেতৃত্ব তারাই দেবে।

ড. মিলন বলেন, টেক্সটাইল প্রকৌশল মূলত বিজ্ঞানভিত্তিক একটি ক্ষেত্র। তাই এ খাতে আধুনিক গবেষণাগার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ল্যাব স্থাপন সময়ের দাবি। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে অধিকতর বাজেট বরাদ্দ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, বিশেষ করে কারিগরি ও প্রকৌশল শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করাই সরকারের অন্যতম লক্ষ্য। উন্নত বিশ্বের জনসংখ্যা কমলেও বাংলাদেশের জনসংখ্যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

তিনি বলেন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন হলে সরকার নতুন ভবন নির্মাণ করবে। বর্তমানে বছরে মাত্র ৬৫০ জন শিক্ষার্থী ভর্তি হলেও ভবিষ্যতে আসনসংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে। কারণ বৈশ্বিক বাজারের চাহিদা পূরণে আরও বেশি টেক্সটাইল প্রকৌশলী তৈরি করতে হবে।

মন্ত্রী বলেন, অতীতে দেশের অনেক টেক্সটাইল শিল্প ও বায়িং হাউসে বিদেশি, বিশেষ করে ভারতীয় ও শ্রীলঙ্কান নাগরিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। অথচ বাংলাদেশের শিক্ষার্থীরা মেধায় কোনো অংশে পিছিয়ে নন। তাই দেশের টেক্সটাইল খাত পরিচালনায় দেশিয় প্রকৌশলী ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষা থেকেই শিক্ষার্থীদের দক্ষ ও আধুনিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ইউনিফর্ম এবং খেলাধুলাভিত্তিক আনন্দময় শিক্ষা চালু করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়ানো হচ্ছে এবং ২০২৭ সালে পরিমার্জিত এবং ২০২৮ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভবিষ্যতের প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টেক্সটাইল শিল্পকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। বুটেক্সের অনেক সাবেক শিক্ষার্থী ইতোমধ্যে শিল্পোদ্যোক্তা হয়েছেন। নতুন শিক্ষার্থীদেরও সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তোমাদের সঙ্গে রয়েছেন।’

দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য জমি বরাদ্দের আবেদনের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আবেদনটি সরকার বিবেচনা করবে। দ্বিতীয় ক্যাম্পাসের জন্য প্রয়োজনীয় জমিরও ব্যবস্থা করা হবে।

টেক্সটাইল প্রকৌশলীদের জন্য পৃথক বিসিএস ক্যাডার গঠনের দাবির বিষয়ে ড. মিলন বলেন, বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন হলেও দাবিটি যৌক্তিক। এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং টেক্সটাইল খাতকে বিশ্বে আরও এগিয়ে নিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার তাদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

অন্তরা/