স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় এনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৯তম দিনে সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (নওগাঁ-৬)-এর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইসি প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
অপরদিকে, কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করেছে। আসন্ন জাতীয় নির্বাচনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিদেশে অবস্থানরত সর্বোচ্চসংখ্যক বাংলাদেশিকে পোস্টাল ব্যালটের আওতায় এনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের নির্বাচনি প্রক্রিয়ায় আরও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা করছে সরকার।
এদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিম (গাইবান্ধা-২)-এর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।
এলিস/নাঈম