ঘরের মাঠে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে জানিয়েছেন, সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের গভীর আত্মিক সম্পর্কই তাদের সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করছে।
আজ (১ জুলাই) ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে যৌথ আয়োজক মেক্সিকো টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নেয়। এই চার ম্যাচেই কোনো গোল হজম করেনি দলটি। ম্যাচ শেষে আগুইরে বলেন, ‘সমর্থকদের সঙ্গে আমাদের যে নিবিড় সংযোগ তৈরি হয়েছে, সেটিই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।’
ম্যাচে আজতেকা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। প্রায় ৮০ হাজারের বেশি দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিকদের উজ্জীবিত করেছেন এবং প্রতিপক্ষ বল পেলেই জোরালো দুয়োধ্বনিতে মুখর করে তুলেছেন গ্যালারি।
২০০২ ও ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর দায়িত্ব পালন করা অভিজ্ঞ এই কোচ নিজের আবেগ প্রকাশ করে বলেন, ‘আমি ক্যারিয়ারে অনেক বড় জয় পেয়েছি, তবে আজকের জয় সবকিছুর ঊর্ধ্বে। কারণ এটি নিজেদের মাঠে, নিজেদের মানুষের সামনে এসেছে।’
ইকুয়েডরের প্রশংসাও করেন ৬৭ বছর বয়সী আগুইরে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৮ ম্যাচে মাত্র দুইটি হার নিয়ে দ্বিতীয় হওয়া দলটির শক্তিমত্তা তুলে ধরে তিনি বলেন, ‘ইকুয়েডরকে হারানো মোটেও সহজ ছিল না।’
পাপ্পু/অনিক/