ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শেষ-৩২ এর ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। আর এই পরাজয়ের পর আবেগঘন এক বিদায়বার্তায় ইকুয়েডরের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সেবাস্তিয়ান বেকাসেসে। বিদায়বেলায় তিনি জানান, দলটির দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় সরে দাঁড়াচ্ছেন।
জার্মানির বিরুদ্ধে এক নাটকীয় প্রত্যাবর্তন ম্যাচ জিতে নকআউট পর্বে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল ইকুয়েডর। তবে ম্যাচের শুরুতেই মেক্সিকোর আক্রমণাত্মক ফুটবল এবং তাদের শক্ত রক্ষণভাগের দেওয়াল ভাঙতে পারেনি ইকুয়েডর।
ম্যাচ শেষে বেকাসেসে বলেন, ‘বিশ্বকাপের সঙ্গেই আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আমার মনে হয় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম- ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার তা আমরা অর্জন করতে পারিনি। তাই আজ আমার বিদায় নেওয়ার পালা।’
তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব চালিয়ে যেতে চেয়েছিলাম। কারণ খেলোয়াড় ও ম্যানেজমেন্টের কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি, তাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ফুটবল দুনিয়া কীভাবে চলে তা আমি বুঝি। কষ্ট হচ্ছে, তবে সিদ্ধান্তটি একেবারেই স্পষ্ট ছিল।’
ম্যাচের প্রথমার্ধে মেক্সিকোর আধিপত্যের কথা স্বীকার করে এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রথম অর্ধে ওরা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।’ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার হতাশা থাকলেও, ইকুয়েডরের কোচ হিসেবে খেলোয়াড় এবং দেশটির মানুষের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের দিকেই বেশি নজর দিতে চাইলেন এই আর্জেন্টাইন।
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই, কেবল দেশের মানুষ আর খেলোয়াড়দের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা। মনের গভীর থেকে আমি সবার ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি। ম্যাচ শেষে ছেলেরা আমাকে সুন্দর দুটি ঘণ্টা উপহার দিয়েছে, এটিই আমি চিরকাল মনে রাখব।’
পাপ্পু/অনিক/