সাহারা মরুভূমিতে পাওয়া মঙ্গলের এক বিরল ও বিশাল আকৃতির পাথর নিলামে তোলা হচ্ছে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস জানিয়েছে, প্রায় ২৫ কেজি (৫৫ পাউন্ড) ওজনের এই পাথরের দাম হতে পারে ১৬ লাখ ডলারের বেশি। পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় শিলাখণ্ড হিসেবে এটিকে বর্ণনা করা হচ্ছে।
সোথবিস জানিয়েছে, লালচে-বাদামি রঙের এই পাথর পৃথিবীতে আসার আগে প্রায় ১৪ কোটি মাইল পথ পাড়ি দিয়েছে। ২০২৩ সালে নাইজারে এক উল্কাপিণ্ড সংগ্রাহক সাহারা মরুভূমিতে এটি খুঁজে পান। এর নাম দেওয়া হয়েছে ‘এনডব্লিউএ ১৬৭৮৮’ (NWA 16788)।
নিলামকারী প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পৃথিবীতে এখন পর্যন্ত যত মঙ্গল গ্রহের উপাদান পাওয়া গেছে, তার প্রায় ৭ শতাংশ এই পাথরের মধ্যে রয়েছে। আকারে এটি দ্বিতীয় বৃহত্তম খণ্ডটির চেয়েও ৭০ শতাংশ বড়। সোথবিসের বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের ভাইস চেয়ারপারসন ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, ‘এখন পর্যন্ত খুঁজে পাওয়া মঙ্গলের টুকরোগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে সবচেয়ে বড়।’
বিশেষায়িত ল্যাবের পরীক্ষায় জানা গেছে, পাথরটি এক ধরনের ‘অলিভাইন-মাইক্রোগ্যাব্রোইক শেরগোটাইট’, যা মঙ্গলে আগ্নেয়গিরির লাভা ধীরে ঠাণ্ডা হয়ে জমাট বাঁধার ফলে তৈরি হয়। পৃথিবীতে পাওয়া ৭৭ হাজারের বেশি স্বীকৃত উল্কাপিণ্ডের মধ্যে মাত্র ৪০০টি মঙ্গল গ্রহ থেকে এসেছে। ফলে এটি বেশ দুর্লভ।
পাথরটির বাইরের অংশ চকচকে কাচের মতো, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপে তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সোথবিস জানিয়েছে, পাথরটি ঠিক কবে পৃথিবীতে এসে পড়ে, তা নিশ্চিত নয়। তবে পরীক্ষা-নিরীক্ষা থেকে অনুমান করা হচ্ছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ঘটেছে। নিলামের আগে পাথরটি রোমে ইতালির স্পেস এজেন্সিতে প্রদর্শন করা হয়েছে। তবে এর বর্তমান মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে একই সপ্তাহে সোথবিস নিলামে তুলছে ১১ ফুট দীর্ঘ এক ডাইনোসরের কঙ্কালও। সেরাটোসরাস ন্যাসিকর্নিস (Ceratosaurus nasicornis) প্রজাতির অল্প বয়স্ক ডাইনোসরটির কঙ্কাল ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে খুঁজে পাওয়া যায়। এর দাম ধরা হয়েছে ৪০ থেকে ৬০ লাখ ডলারের মধ্যে।
বিশেষজ্ঞদের মতে, এটি প্রায় ৬.৫ কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগের জীবাশ্ম। ছোট হাত এবং দ্বিপদী ভঙ্গিতে চলাফেরার কারণে এটি দেখতে অনেকটা ছোট আকৃতির টাইরানোসরাস রেক্স (Tyrannosaurus rex)-এর মতো। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট


