বরগুনায় জানা-অজানা ও রহস্যময় মহাকাশের রোমাঞ্চে শিক্ষার্থীদের কৌতূহল পূরণে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প ২০২৫ ও বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়। আগামী (১ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত চলবে এ ক্যাম্প।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিক বিন আনসারী সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগুনা সায়েন্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বী।
এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা সায়েন্স সোসাইটির উপদেষ্টা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন আর রশিদ রিংকু, সাংবাদিক মহিউদ্দিন অপুসহ তরুণ স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা।
বরগুনা সায়েন্স সোসাইটির স্বেচ্ছাসেবকদের উদ্যোগে সাজানো এই ক্যাম্প ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে সাড়া ফেলেছে। দুই দিনব্যাপী এই মহাকাশ উৎসবে রয়েছে টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ, ফোর-ডি মুভি শো, ভিআর শো, উল্কাপাত পর্যবেক্ষণসহ নানা আয়োজন। শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত ক্যাম্পে আরও থাকছে স্পেস অলিম্পিয়াড, বিজ্ঞান বিতর্ক ও কুইজসহ নানাবিধ কার্যক্রম।
আয়োজকেরা জানান, উপকূলীয় এই ছোট শহর থেকে দেশের তরুণরা মহাকাশবিজ্ঞান নিয়ে আগ্রহী হচ্ছে—এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। দেশের সর্ববৃহৎ এই মহাকাশ ক্যাম্পে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবারের বর্ণাঢ্য আয়োজনে অংশ নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব, যশোর জেসিবি সায়েন্স ক্লাব, গ্লোব ওয়াইজ বাংলাদেশ, জেনারেল সায়েন্স অলিম্পিয়াডসহ দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ক্লাব ও সংগঠন।
দর্শনার্থী মো. ইমরান হোসেন বলেন, ‘এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়ায়। তবে দুঃখের বিষয়, বরগুনায় এখনো বিজ্ঞান গবেষণার জন্য কোনো জাদুঘর বা কলেজ নেই। আশা করি সরকার দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেবে।’
বিজ্ঞান বিতর্কের গ্রুমার সুবাহ তাবাসসুম ঐশী বলেন, ‘আমাদের প্রজন্ম শুধু পাঠ্যবইয়ের বিজ্ঞান নয়, বাস্তব বিজ্ঞান নিয়েও ভাবতে চায়। এই বিতর্কের মাধ্যমে অংশগ্রহণকারীরা মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে যুক্তি ও তথ্যের আলোচনায় অংশ নিতে পারছে।’
বরগুনা সায়েন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ বলেন, ‘মহাকাশ শুরু থেকেই আমাদের কাছে রহস্যময়। ছোটবেলায় মনে হতো চাঁদ আমার সঙ্গে সঙ্গে হাঁটে। সূর্যগ্রহণের সময় বালতিতে পানি নিয়ে দেখতাম কাঁপছে কি না। কীভাবে জেমস ওয়েব টেলিস্কোপ ১৪০০ কোটি বছর আগের ছবি তুলল- এ প্রশ্নগুলোর উত্তর জানাতেই আমাদের মহাকাশ ক্যাম্প। ২০২২ সালে প্রথমবার আয়োজনের পর মানুষের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তাই এবার পঞ্চমবারের মতো দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প আয়োজন করছি। আমাদের স্বপ্ন, একদিন মহাকাশ গবেষণায় বাংলাদেশও যুক্ত হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষারহারে দেশের দ্বিতীয় জেলা বরগুনার স্নাতক পর্যায়ে বিজ্ঞানের কোনো বিষয়ে অধ্যয়ন বা গবেষণার সুযোগ না থাকা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, বরগুনায় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত গবেষণাগার প্রতিষ্ঠা করা হোক। পঞ্চমবারের এই আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আপ্লুত করেছে, সাহস দিয়েছে আরও বড় পরিসরে কাজ করার। এই যাত্রায় সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সবার সহযোগিতা কামনা করছি।’
মহিউদ্দিন অপু/রিফাত/


