স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আগামীকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ২টা পর্যন্ত তারা সময় বেঁধে দেন।
সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরসংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের পক্ষে আলটিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন।
তিনি বলেন, ‘অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন, কেন এই লাঠিপেটা করা হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে।’
এদিকে দুপুরে জনদুর্ভোগ এড়াতে কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়ে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) মাসুদ আলম।
আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘যেহেতু সবদিক থেকে তাদের দাবির একটি ইতিবাচক বিষয় রয়েছে এবং বিষয়টি সমাধানে একটু সময় লাগতে পারে। তাই তারা যেন যত দ্রুত পারা যায়, একটি আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করে চলে যায়, এ বিষয়ে কথা হয়েছে।’
চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না, এমন প্রসঙ্গ উল্লেখ করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ঐক্য জোটের সদস্যসচিব আল আমিন বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত জাতীয়করণের কোনো ঘোষণা আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।’