পাবনার ঈশ্বরদী বাজারে অন্যান্য সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজের ফুলকি (পাতা)। এক সপ্তাহ ধরে বাজারে অন্য সব সবজির সঙ্গে এই ফুলকিও বিক্রি করছেন দোকানিরা। প্রতি কেজি ফুলকি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, এর আগে কখনো ফুলকির এত দাম হয়নি। শীতের শুরুতেই সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে। ঈশ্বরদীর সবজির বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের শীতের সবজি প্রতিটি দোকানে সাজিয়ে রাখা হয়েছে। এর দামও চড়া। ৫০ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত এসব সবজি বিক্রি করছেন দোকানিরা। তবে এখন বাজারে সবচেয়ে বেশি দাম মৌসুমি সবজি ফুলকির। এ সবজিটি প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি করছেন দোকানিরা ১৩০ টাকা কেজি দরে। আগের চেয়ে কাঁচা মরিচের দাম কমে এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়। এদিকে আলুর দাম ৭৫ থেকে কেজিতে ৫ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
শীতের আগাম অন্য সব সবজির দামও বেশি। প্রতি কেজি শিম ও ফুলকপি ১০০ টাকা, পাতাকপি ৭০, মুলা ৫০, বেগুন ৭০, পেঁপে ৪০, করলা ১০০, পটোল ৪০, পুঁইশাকের ফুল ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
এ ছাড়া একটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, প্রতি আঁটি পালং ও লাল শাক ১৫ থেকে ২০, এক হালি কাঁচকলা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের খুচরা সবজি বিক্রেতা আমিন উদ্দিন বলেন, ‘শীতের সবজি বাজারে আসতে এখনো দেরি। তবে এরই মধ্যে আগাম সবজি বাজারে বিক্রি হচ্ছে। আমদানিও ভালো। কিন্তু দাম আগের মতোই বেশি। সবচেয়ে বেশি দাম মৌসুমের নতুন সবজি পেঁয়াজের ফুলকির। এক সপ্তাহ আগে থেকে ফুলকি বাজারে এসেছে। প্রতি কেজি ফুলকি বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। মৌসুমের নতুন সবজি হিসেবে বর্তমান বাজারে এটি সবচেয়ে দামি সবজি। তবে দাম বেশি হওয়ায় বিক্রিও কম। ক্রেতারা দাম শুনে কিনতে চান না। এর আগে কখনো এত দামে ফলকি বিক্রি করা হয়নি। নতুন সবজি হিসেবে বাজারে এলে খুব বেশি হলেও ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
তিনি জানান, অন্য সব সবজির দামও চড়া। শীতের সবজি বাজারে আসা শুরু হলে তখন হয়তো দাম কমতে পারে।
