ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকায় গেলেই চোখে পড়ে আধুনিক কৃষির এক অনন্য দৃষ্টিনন্দন দৃশ্য। সেখানে মালচিং পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় সফল চাষী আবুল কালাম।
মাত্র ২০ শতাংশ জমি দিয়ে যাত্রা শুরু করে আজ তিনি ১২ বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষ করছেন। সনাতন পদ্ধতিকে বিদায় জানিয়ে আধুনিক এই প্রযুক্তির ব্যবহারে একদিকে যেমন ফসলের উৎপাদন বেড়েছে, অন্যদিকে এসেছে আশাতীত অর্থনৈতিক সাফল্য।
আবুল কালাম কেবল নিজের ভাগ্যই পরিবর্তন করেননি, সৃষ্টি করেছেন অন্যের কর্মসংস্থানও। বর্তমানে তার সবজি ক্ষেতে প্রতিদিন ৬০০ টাকা হাজিরায় নিয়মিত কাজ করছেন আরও ছয়জন কৃষক। আধুনিক ও নিরাপদ সবজি চাষে তার এই অভাবনীয় সাফল্য এখন পুরো ধামরাইয়ের কৃষকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক ‘মালচিং’ পদ্ধতিতে সবজি উৎপাদন অনেক বেশি হয়। এই প্রযুক্তিতে চাষাবাদে খরচ কম কিন্তু ফলন বেশি হওয়ায় কৃষকদের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এছাড়া, মালচিং পদ্ধতিতে ‘গ্যাপ ফসলে পার্টনার সিস্টেম’ ব্যবহার করে একই জমিতে আরও বেশি ফসল উৎপাদন করা সম্ভব।
কৃষি বিভাগ জানায়, মালচিং পেপার ব্যবহারের কারণে জমিতে রোগবালাই ও পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম হয়। পাশাপাশি সঠিক সময়ে সেচ ও জৈব সার প্রয়োগের ফলে সাধারণ পদ্ধতির তুলনায় উৎপাদন বহুগুণ বেড়ে যায়।
উপজেলা কৃষি অফিস থেকে স্থানীয় কৃষকদের নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে মাটির ওপর মালচিং পেপার বিছানোসহ বিভিন্ন ধরনের জৈব সার ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ দিয়ে কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আবুল কালাম বলেন, ২০ শতক জমিতে সবজি চাষ শুরু করেন। ধীরে ধীরে উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় বর্তমানে তিনি ১২ বিঘা জমিতে কৃষি আবাদ করছেন। প্লাস্টিক মালচিং পেপার দিয়ে জমি ঢেকে বৈজ্ঞানিক উপায়ে তিনি জমির বিভিন্ন অংশে পরিকল্পিতভাবে চাষ করেছেন নানা ধরনের সবজি। করলা, শশা ,ধুন্দল ও লাউ চাষ করে লাভবানও হয়েছেন তিনি। এবার সবজি চাষে সকল খরচ বাদ দিয়ে প্রায় আট থেকে দশ লাখ টাকা লাভ হবে বলে তিনি আশা করছেন।
তিনি আরও বলেন, নরমাল পদ্ধতি বাদ দিয়ে আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে আগাছা জন্মাতে পারছে না, মাটির আর্দ্রতা সঠিকভাবে বজায় থাকছে এবং সার ও সেচের অপচয় অনেকাংশে কমে গেছে। ফলে পদ্ধতিগত চাষাবাদ এবং নিবিড় পরিচর্যার কারণে প্রতিটি ফসলের গাছই বেশ সতেজ এবং ভালো ফলন দিচ্ছে। তার এমন চাষ দেখে অনেক শিক্ষিত যুবকও সবজি চাষে আগ্রহ প্রকাশ করছেন।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জামান বলেন, “গতবার আবুল কালাম দুটি জমিতে করলা চাষ করেছিলেন। এর মধ্যে মালচিং ছাড়া জমি থেকে মাত্র ২০ হাজার টাকার করলা বিক্রি করলেও, আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহার করা জমি থেকে তিনি প্রায় ৩ লাখ টাকার করলা বিক্রি করেন। এই পদ্ধতিতে খরচ ও পোকার আক্রমণ কম, কিন্তু উৎপাদন অনেক বেশি।”
ধামরাই উপজেলা কৃষি অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, “নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে আমরা কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি। কৃষক আবুল কালামের প্রজেক্টে আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার নিশ্চিত করেছি, এমনকি তাকে জৈব সার তৈরি করাও শিখিয়েছি। স্বাস্থ্য সুরক্ষায় এই জমিতে ধূমপান ও পানাহার নিষিদ্ধ করা হয়েছে এবং শ্রমিকদের হ্যান্ডগ্লাভস ও নির্দিষ্ট পোশাক পরে কাজ করতে হচ্ছে। এছাড়া সুরক্ষার জন্য পুরো জমি নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “মালচিং ও পার্টনার পদ্ধতিতে একই জমিতে সারাবছর কীভাবে বেশি লাভজনক ও নিরাপদ ফসল ফলানো যায়, তা নিয়ে আমরা কাজ করছি। আবুল কালামের মতো কৃষকদের মাধ্যমে আমরা বেকার শিক্ষিত যুবকদেরও কৃষিতে উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করছি।”
রুহুল/এএফ