নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে এক কৃষকের শোবার ঘরের দরজার সামনে পাওয়া গেছে কাফনের কাপড় আর চিরকুট।
ওই কৃষক স্থানীয় জামায়াতের কর্মী। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও ওই চিরকুটে তাকে বলা হয়েছে তাকে ‘আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই’।
ভুক্তভোগী ওই কৃষকের নাম আব্দুল গফুর (৬০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
আব্দুল গফুর জানান,বুধবার (১ জুলাই) ঘুম থেকে উঠে দরজা খুলতেই সামনে পড়ে থাকতে দেখেন এক টুকরা কাফনের কাপড় আর একটি চিরকুট।
ওই চিরকুটে লেখা হয়েছে, ‘সময় থাকতে ভাল হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভাল হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো।’
এক প্রশ্নের জবাবে গফুর দাবি করেন, মঙ্গলবার রাতের যে কোন সময় ওই কাপড় আর চিরকুট রেখে গেছে কেউ। এরপর থেকেই পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি জানান, তার জানামতে কোন শত্রু নেই। কারো কোন ক্ষতি করেছেন বলেও মনে পড়ে না।
স্থানীয় অধিবাসী জিয়া জানান, তাদের জানামতে গফুর জামায়াতের সক্রিয় কর্মী। নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি মানুষের উপকার ছাড়া কখনও ক্ষতির চিন্তাও করেন না। তার বাড়িতে এমন ঘটনা,দুঃখজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসীর দাবি, বেশ কিছুদিন থেকেই ওই এলাকাসহ নলডাঙ্গা উপজেলায় হেলমেট বাহিনী তাণ্ডব চালিয়ে জামায়াত নেতা এমনকি বিএনপি কর্মীদেরও মারপিট করেছে। এখন ওই এলাকায় সর্বহারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারাই এমন কাজ করতে পারে। এলাকাবাসীর শান্তি ও নিরাপত্তার স্বার্থে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা জরুরি বলেও দাবি তাদের।
এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের সনাক্তে কাজ চলছে।
কামাল মৃধা/এসএন