মন্ত্রীত্ব হারানোর একমাস পর রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে ফিরেছেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
এসময় তিনি বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এমন অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি আর বরদাস্ত করবো না। কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে তার জন্য পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বুধবার (১ জুলাই) বিকেল রাঙামাটিতে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্হিতিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এরআগে ঢাকা থেকে সড়ক পথে রাঙামাটি প্রবেশদ্বার কাউখালীর গোদারপাড় ও ঘাগড়ায় দুপুরে হাজারো নেতাকর্মী ফুলেল অভ্যর্থনা জানান তাকে।
পরে মোটর শোভাযাত্রাসহ বিকেল চারটায় শহরের কাঠালতলী দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সেখানে বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে দীপেন দেওয়ান এমপি বলেন-বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আর এবার বরদাস্ত করবো না। আমি তৃণমূল ভাইদের সাথে আছি, তৃণমূল ভাইদের সাথে থাকবো। এই তৃণমূল হচ্ছে বিএনপির শক্তি, বিএনপির প্রাণ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন- 'আমি এখনও সংসদ সদস্য আছি। আপনারা কোন কিছু ভুলে যাবেন না। বিএনপিতে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন'।
দলের প্রতি আকুন্ঠ সমর্থন জানিয়ে দীপেন দেওয়ান বলেন -'তারেক রহমান আমাদের নেতা। আমাদের সম্মানিত চেয়ারম্যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনার বাইরে আমরা কোন কিছু করবো না। উনার আদেশ হচ্ছে সর্বশেষ আদেশ'।
তিনি বলেন-'বিএনপি আমার শেষ ঠিকানা। বিএনপি হচ্ছে আমার শেষ বাংলাদেশ। বিএনপি হচ্ছে আমার প্রথম বাংলাদেশ। পাহাড়ি বাঙালি ভাই ভাই থাকবেন, যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে'। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াত আহ্বান জানান তিনি।
রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতা দেখিয়ে পার্বত্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন গত ১ জুন। এর ঠিক একমাস পর ১ জুলাই নিজের এলাকায় ফেরেন তিনি। তবে মন্ত্রীত্ব হারালেও দলীয় নেতাকর্মীদের রাজকীয় অভ্যর্থনায় ফিরেছেন তিনি। আর এই ফেরার মধ্যদিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস -চাঙ্গাভাব।
দলের সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, 'মন্ত্রী দীপেন দেওয়ানের চাইতে সংসদ সদস্য দীপেন দেওয়ান অনেক শক্তিশালী। এতো বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি আর ভালোবাসা এখনও অটুট আছে'।
জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, দীপেন দেওয়ানকে ঘিরেই রাঙামাটি বিএনপি সুসংগঠিত। মন্ত্রীত্ব ছাড়াও নেতাকর্মীদের এই আকুন্ঠ সমর্থন তারই প্রমাণ।
জিয়াউর রহমান জুয়েল/এসএন