জয়পুরহাটে বিজিবির হাতে আটক হওয়া ২৩ হাজার ৭৫ বোতল অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে।
বুধবার (১ জুন) বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনের সড়কে রোলার দিয়ে এসব সিরাপ ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ ৭৭ হাজার ৫৫০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র ও জয়পুরহাট আদালতের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌর শহরের বাটার মোড় থেকে জামালগঞ্জগামী রাস্তা সংলগ্ন জানিয়ার বাগান এলাকার একটি গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ও চালানের উদ্দেশ্যে রাখা বিভিন্ন নামের সর্বমোট ২৩ হাজার ৭৫ বোতল ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়। পরবর্তীতে সংগৃহীত আলামত ও অবৈধ সিরাপসমূহ প্রশাসনের উপস্থিতিতে রাস্তার ওপর রোলার দিয়ে ধ্বংস করা হয়।
সাগর/নাঈম