চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে অবৈধভাবে মাছ চাষ করায় এক ইউপি সদস্যকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলার ইছাখালী এলাকায় বেজার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) ও সিনিয়র সহকারী সচিব মো. ইয়াছিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক অধিগ্রহণ করা ভূমিতে অবৈধভাবে মাছ চাষ করছিলেন স্থানীয় ইউপি সদস্য। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ভূমি উদ্ধারের সময় লোকজন নিয়ে বাধা দেওয়ায় ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, ‘বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর শুভর আনীত প্রসিকিউশন অনুযায়ী বেজার অধিগ্রহণকৃত ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিব লোকজন নিয়ে বাধা প্রদান করেন। ফলে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৫৩ ধারা অনুযায়ী সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে আক্রমণ ও অপরাধমূলক বলপ্রয়োগের জন্য তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া ১০টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে বেজা অফিসে রাখা হয়েছে।’
সাত্তার/সাদিয়া/অমিয়/