পাবনার ঈশ্বরদীতে বাংলা নববর্ষ ১৪৩২ বরণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান, প্রকৌশলী এনামুল হক, কৃষি কর্মকর্তা মিতা সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহামন বাবলু, পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) জহুরুল হক, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান প্রমুখ।
শোভাযাত্রাটি উপজেলা সড়ক, ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে আলহাজ্ব মোড় ঘুরে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে শেষ হয়।
‘এসো হে বৈশাখ, এসো এসো’- প্রতিপাদ্যে এ আনন্দ শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল গ্রাম-বাংলার ঐতিহ্য গরু, মহিষ, ঘোড়ার গাড়ি ও হাতি। অনেকের গলায় ছিল গামছা, হাতে হাতপাখা।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় বাংলা বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে পান্তা খাওয়া, আলোচনাসভা, দিনব্যাপী লোকজ বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এজন্য জেলা পরিষদ ডাকবাংলো মাঠে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ, লোকজ বৈশাখী মেলার জন্য স্থাপন করা হয়েছে ২৫টি স্টল।
জাহাঙ্গীর/অমিয়/