চুয়াডাঙ্গার দুই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক কৃষক ও এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দামুড়হুদায় বজ্রপাতে এক কৃষক এবং আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর মাঠে বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ( ২৫ জুন) দুপুরে নাজমুল হোসেন বাড়ির পার্শ্ববর্তী মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামে বাড়ির গ্রিলে বিদ্যুতায়িত হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন জুবায়ের। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, গ্রিলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।’
মিজানুর/খাদিজা রুমি/