ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নিহতের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি ফারুক হোসেন ও মাসুদ রানাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার অন্যতম আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে ওই দিনই হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা করেন। পরকীয়ার জেরে হত্যা হয়েছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলায় অপর ২ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
মাহফুজুর রহমান/তামান্না রুপা/