লক্ষ্মীপুরের রায়পুরে একটি চুরির মামলার আসামিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রেখে বেদম মারধরের অভিযোগে রায়পুর থানার এক এস আই’র বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রায়পুর আমলি অঞ্চলের বিচারক মোহাম্মদ রেজাউল হক রায়পুর থানার উপপরিদর্শক ( এস আই) সুদীপ্ত নাথের বিরুদ্ধে মামলা গ্রহনের এ আদেশ দেন।
আদালতের জারিকারক মো. মাসুদ জানান, রাযপুর থানার জিআর-১৮৩/২৬ নম্বর মামলার আসামি শাওনকে গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ তাকে থানায় এনে বেদম মারধর করে আদালতে স্বীকারোক্তি প্রদানে রাজি করান বলে অভিযোগ ওঠে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গিয়ে ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে শাওন জানান, থানা হেফাজতে তাকে বেদম মারধর করা হয়েছে।
এরপর আদালতের নির্দেশে জেলার সিভিল সার্জনের মাধ্যমে তার চিকিৎসা করানো হয় এবং মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে মেডিকেল প্রতিবেদনে মারধরের আলামত পাওয়া যাওয়ায় আইন অনুযায়ী অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে এফআইআর গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা বাবুলের একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় তিনি গ্রামের জাহাঙ্গীরের ছেলে শাওনের বিরুদ্ধে রায়পুর থানায় অভিযোগ দায়ের করেন।
১৭ জুন পুলিশ মামলা করে। একই দিন ভোরে রায়পুর পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এমদাদ উল্লাহ ও সোহাগ নামে আরও দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ ।
এ বিষয়ে জানতে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত নাথ কোন কথা বলতে রাজি হননি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, 'সুদীপ্তর বিরুদ্ধে এফআইআর নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এখনো আদালতের কোনো নির্দেশনা পাইনি।'
রফিকুল ইসলাম/তামান্না রুপা/