শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ৪০ হাজার টাকার চুক্তিতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ৯টার দিকে আটকদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন- ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়নতারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)।
পুলিশ ও বিজিবি জানায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার চুক্তি হয়। পরে বুধবার (২৪ জুন) রাতে আটকরা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন। এরপর আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন। কিন্তু বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তাদের ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে হারিয়াকোনা জঙ্গল থেকে তাদের আটক করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।’
শাকিল মুরাদ/খাদিজা রুমি/রিফাত/