সৌরজগতের প্রতিটি গ্রহের গড় তাপমাত্রা ভিন্ন, যা নির্ভর করে তাদের গঠন ও সূর্যের দূরত্বের ওপর। তবে শুক্র গ্রহের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ব্যতিক্রম। এর ঘন বায়ুমণ্ডল গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে, যা সিসার গলনাঙ্কের চেয়েও বেশি তাপমাত্রা তৈরি করে।
নাসার তথ্যমতে, সৌরজগতে আটটি গ্রহ রয়েছে। এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। প্লুটোকে এখন বামন গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এর গড় তাপমাত্রা প্রায় -৩৭৫ ডিগ্রি ফারেনহাইট (-২২৫ ডিগ্রি সেলসিয়াস)।
সূর্যের তাপমাত্রা
সৌরজগতের প্রাণসূত্র সূর্যের কেন্দ্র সবচেয়ে উষ্ণ, যেখানে তাপমাত্রা ২৭ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট বা ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সূর্যের পৃষ্ঠে তাপমাত্রা তুলনামূলকভাবে কম, যা প্রায় ১০ হাজার ডিগ্রি ফারেনহাইট (৫ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস)। অথচ সূর্যের বাইরের বায়ুমণ্ডল করোনার তাপমাত্রা আরও বেশি, যা প্রায় ৩ দশমিক ৫ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট (২ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস)।
বুধ (Mercury)
বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে হলেও পাতলা বায়ুমণ্ডলের কারণে তাপ ধরে রাখতে পারে না। ফলে এর দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১,০০০ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। রাতের তাপমাত্রা নেমে আসে প্রায় -২৯০ ডিগ্রি ফারেনহাইট (-১৭৯ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত। বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের তাপমাত্রা পরিমাপ করা হয় পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের চাপের সমান বায়ুমণ্ডলীয় স্তরে।
শুক্র (Venus)
ঘন বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব তৈরি হয়। ফলে এখানে গড় তাপমাত্রা পৌঁছে ৮৬৭ ডিগ্রি ফারেনহাইট (৪৬৪ ডিগ্রি সেলসিয়াস), যা সিসা গলানোর তাপমাত্রারও বেশি।
পৃথিবী (Earth)
মানুষের বসবাসযোগ্য একমাত্র গ্রহ। গড় তাপমাত্রা ৫৯ ডিগ্রি ফারেনহাইট (১৫ ডিগ্রি সেলসিয়াস)।
মঙ্গল (Mars)
পাতলা বায়ুমণ্ডলের কারণে এখানে গড় তাপমাত্রা প্রায় -৮৫ ডিগ্রি ফারেনহাইট (-৬৫ ডিগ্রি সেলসিয়াস)।
বৃহস্পতি (Jupiter)
সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার-আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এই গ্রহসহ আরও তিনটি গ্রহ- শনি, ইউরেনাস ও নেপচুনকে একসঙ্গে গ্যাসীয় দানব বলা হয়। গ্যাসীয় এই গ্রহে তাপমাত্রা -১৬২ ডিগ্রি ফারেনহাইট (-১০৮ ডিগ্রি সেলসিয়াস)।
শনি (Saturn)
বৃহস্পতির মতোই গ্যাসীয় গ্রহ শনি। এর গড় তাপমাত্রা -২১৮ ডিগ্রি ফারেনহাইট (-১৩৮ ডিগ্রি সেলসিয়াস)।
ইউরেনাস (Uranus)
সৌরজগতের অন্যতম ঠাণ্ডা গ্রহ ইউরেনাস**।** এর গড় তাপমাত্রা প্রায় -৩২০ ডিগ্রি ফারেনহাইট (-১৯৫ ডিগ্রি সেলসিয়াস)।
নেপচুন (Neptune)
সবচেয়ে দূরের এই গ্রহে তাপমাত্রা পৌঁছায় -৩৩০ ডিগ্রি ফারেনহাইট (-২০১ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত।


