ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সর্বশেষ
প্রতিবন্ধী শিশুদের সম্পদে রূপান্তরের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে: জি এম কাদের যে বিশ্বাস মানুষের জীবনে এনে দেয় অভাবনীয় ৬টি পরিবর্তন? জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করতে চায় জাতীয় সংসদ: স্পিকার চামড়া নৈরাজ্য অর্থনীতির জন্য অশনিসংকেত ৫ জুন পপ গুরু আজম খানের মৃত্যুবার্ষিকী গাজীপুরে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ আছিয়া থেকে রামিসা: বিচার কোথায়? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঈশ্বরগঞ্জে সংঘর্ষের ঘটনায় তরুণের মৃত্যু, চেয়ারম্যানসহ ৩১ জনের নামে মামলা চাঁপাইনবাবগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু কুমিরের হামলায় নিহত শিশু ফাতেমার মা  ফিরলেন পরিবারের কাছে নিখোঁজের ৪ দিন পর বিলে মিলল যুবদলকর্মীর মরদেহ, আটক ৫ দুর্নীতি ঠেকাতে বন্দরকে ডিজিটালাইজড করা হবে: অর্থমন্ত্রী চাঁদপুরে গরমে জনজীবন বিপর্যস্ত আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হবে: স্বাস্থ্যমন্ত্রী ভ্যাপসা গরমে হাঁসফাঁস রংপুরের জনজীবন থিয়েনচিনের বুদ্ধিমান শিল্প প্রদর্শনীতে নতুন যা দেখা গেল মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩, বিচার দাবিতে সংবাদ সম্মেলন মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতে নজর চীনের আমাদের বিশ্ববিদ্যালয় এবং ‘কোচিং সেন্টার’ বিতর্ক সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র ময়মনসিংহে বজ্রপাতে শিক্ষকসহ ২ জনের মৃত্যু পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে উখিয়ায় পারিবারিক কলহে গৃহবধূ নিহত, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার প্রখর রোদে পথচলতি মানুষের হাতে শরবত ও পানি গাংনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩ হাওর অঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে জাতীয় অগ্রাধিকারে রাখতে সরকারের প্রতি আহ্বান
Nagad desktop

তিস্তা-পদ্মা ও সত্যপ্রকাশের সৎসাহস

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
তিস্তা-পদ্মা ও সত্যপ্রকাশের সৎসাহস
গাজীউল হাসান খান

তথ্যকে চাপা দিয়ে রাখা কিংবা দেশের জনগণকে কোনো তথ্য জানতে না দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। সম্প্রতি তিস্তা প্রকল্প ও তার সম্ভাব্য ঋণ প্রদান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তা জনগণকে জানতে দেওয়া হয়নি। তবে কি তা প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে চূড়ান্ত হবে? সেটা প্রকাশ করলে কী ক্ষতি হতো। সত্য এক দিন সামনে আসবেই।...

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার আগে অধ্যাপক ইউনূস তড়িঘড়ি করে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিতর্কিত চুক্তি করে গেছেন, সে দেশের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সে শুল্কযুদ্ধের প্রক্রিয়া বা পদ্ধতি বাতিল হলেও তা নিয়ে সৃষ্ট বিভিন্ন রাজনৈতিক গুজব ও অর্থনৈতিক হাঙ্গামার আজও অবসান ঘটেনি। নির্বাচিত ট্রাম্প সরকারের পক্ষে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করার ক্ষমতা থাকলেও অনির্বাচিত ইউনূস সরকারের সে ধরনের কোনো চুক্তিতে যাওয়ার সাংবিধানিক এখতিয়ার ছিল না। কিন্তু সেটা করে পরবর্তী পর্যায়ে ক্ষমতায় যাওয়া বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি একটি অপ্রত্যক্ষ চাপের মুখে ফেলে গেছেন। সে চুক্তি বাতিল বা নিষ্ক্রিয় হয়ে গেলেও তারেক রহমান তার বিয়য়বস্তু নিয়ে আজও কোনো মতামত ব্যক্ত করেননি। বাংলাদেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের হার কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন ও জ্বালানি আমদানিসহ বাণিজ্যিক বিমান ক্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার পরিবর্তে তৈরি পোশাকসহ অন্যান্য বাংলাদেশি পণ্যসামগ্রীর ওপর শুল্ক হ্রাস করার ব্যবস্থা নেওয়া হচ্ছিল। কিন্তু স্বাক্ষরিত চুক্তির মধ্যে প্রতিরক্ষা এবং এ অঞ্চলে শান্তি নিশ্চিত করার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীর চলাচল ও রক্ষণাবেক্ষণের সুযোগ সৃষ্টি করার প্রয়াস লক্ষ করা গেছে। তাতে চীন, রাশিয়া ও ভারত খুব একটা সন্তুষ্ট হতে পারেনি, ফলে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, যা এখনো অব্যাহত রয়েছে। তাতে দীর্ঘ দেড় দশক পর ক্ষমতায় আসা বিএনপির বিভিন্ন পর্যায়ে অধ্যাপক ইউনূসকে নিয়ে কিছুটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করেছেন যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার দিয়ে অধ্যাপক ইউনূস মাতারবাড়ীসহ চট্টগ্রামের গভীর সমুদ্রবন্দর এলাকা ভারত ও চীনের আধিপত্য থেকে মুক্ত রাখার চেষ্টা করছেন। অপরদিকে অনেকে আবার মনে করেন, ক্রমে ক্রমে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগর এলাকায় আধিপত্য বিস্তারের প্রয়াস পাচ্ছে।

ওপরে উল্লিখিত বিষয়াদি নিয়ে পরিস্থিতি ক্রমেই এখন স্পর্শকাতর হয়ে উঠছে। এ অবস্থায় একনেক সভায় পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন পাওয়ায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো সুস্পষ্ট উল্লেখ না থাকায় ভুক্তভোগী এলাকাবাসী অস্থির হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকে সেসব বিষয় সরাসরি বিভিন্ন তথ্য জানার জন্য। প্রায় এক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে যে, আগামী মাসে অর্থাৎ জুনের যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করতে পারেন। সামনে আসছে বাজেট অধিবেশন। সে কারণে প্রয়োজনীয় অর্থ জোগান দেওয়া কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের অবস্থান জানার জন্য দেশের মানুষ অত্যন্ত উদগ্রীব হয়ে উঠেছেন। কারণ তিস্তা কিংবা পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতাত্তোর বিগত ৫৪ বছরের অধিক সময় অপেক্ষা করে রয়েছে। একনেকে অনুমোদন পাওয়া পদ্মা ব্যারাজ প্রকল্প ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর পাংশায় নির্মিত হবে বলে জানা গেছে। তার পর থেকে সে বিশাল অঞ্চলের মানুষের মধ্যে একটি আনন্দের ধারা বেয়ে যাচ্ছে। অপরদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট খবর না পেয়ে মানুষের মধ্যে নানা গুজবের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের ধারণা, শিলিগুড়ি করিডর কিংবা ‘চিকেন নেক’-এর অবস্থানের কারণে ভারতের বাধার মুখে চীন শেষ পর্যন্ত এ মহাপ্রকল্পে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। সে কারণে এ বিশাল অঞ্চলের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চায়–শেষ পর্যন্ত ২ কোটি জনসংখ্যা অধ্যুষিত রংপুর বিভাগের এ বিপন্ন জনগোষ্ঠীর ভাগ্যে কী জুটবে? ১২ হাজার কোটি টাকা প্রস্তাবিত ব্যয় ধরে ১০ বছরের মেয়াদে এ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। এবং চীন সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থ প্রদান করতে সম্মত হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে যে, ভারত সরকার চায় না তার ঘরের পাশে একটি প্রকল্পে চীন ক্রমে ঢুকে পড়ুক। সে কারণে এ অঞ্চলের মানুষ চায় নিজস্ব অর্থায়নে বাংলাদেশ এ কাজটি আগে শুরু করুক। তার পর সাহায্য লাগলে পরে দেখা যাবে।

রাষ্ট্রক্ষমতা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর চীন তাদের প্রণীত তিস্তা মহাপরিকল্পনাটি নিয়ে বেশ তৎপর হয়ে ওঠে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তিস্তার প্রস্তাবিত প্রকল্প এলাকাটি সরেজমিন ঘুরে এসেছেন। তার পর বাংলাদেশের রাজনৈতিক নেতারা, বিশেষ করে ক্ষমতাসীন বিএনপি নেতারা এলাকাটি সফর করেন এবং অপেক্ষমান স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন। তাদের আশ্বাস দেন যে, সবকিছু ঠিকমতো এগোলে বিএনপি সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব শিগগিরই কাজ শুরু করবে। কিন্তু দৃশ্যত তা এখনো ঘটেনি। প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়ে ইতোমধ্যে বেশ কিছু কানাঘুষা বা গুজবের সৃষ্টি হয়েছে। ভারত তার শিলিগুড়ি করিডরের নিরাপত্তাজনিত কারণে চীনা বিশেষজ্ঞ কিংবা কর্মীবাহিনীকে প্রস্তাবিত তিস্তা প্রকল্প এলাকায় আসতে দেওয়ার ব্যাপারে স্বাচ্ছন্দ্যবোধ করে না। সে বিষয়টিকে কেন্দ্র করে নাকি বারবার থেমে যাচ্ছে প্রকল্পের কাজ। দিন দিন বাড়ছে প্রস্তাবিত প্রকল্প নিয়ে গুজবের পরিমাণ। সরকার বিগত একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো বরাদ্দ দেয়নি বা সে বিষয়টি নিয়ে কোনো আলোচনাও হয়নি। তাতে বিস্তীর্ণ তিস্তা এলাকার মানুষের মধ্যে এ বিষয়ে বিতর্ক আরও বিস্তৃত হয়। কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকালে বিষয়টি নিষ্পত্তি হতে পারে। কিন্তু সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি নিয়ে এখনো কিছুই বলেননি। তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানের ব্যাপারে কথা বলেছেন মরহুম জাতীয় নেতা মওলানা ভাসানী, শহিদ প্রেসিডেন্ট জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু এ ব্যাপারে ঋণদানে চীন সম্মত হলেও প্রকৃত অর্থে কাজটি এগোচ্ছে না কেন? এ প্রশ্ন এখন বিস্তীর্ণ তিস্তা অঞ্চলের প্রতিটি মানুষের। তাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর কোনো সমস্যা দেখা দিলে তা সমাধান করবে দেশের সরকার, বহির্বিশ্বের কোনো দেশ নয়। সুতরাং বর্তমান ক্ষমতাসীন সরকার এ ব্যাপারে কোনো কথা বলছে না কেন?

প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনায় পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, কৃষি জমি উদ্ধার, ফলন বৃদ্ধি এবং নদীর নাব্য বৃদ্ধি থেকে শুরু করে দুই পারে বাঁধ নির্মাণ করে সমৃদ্ধ জনপদসহ শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা ছিল। বলা হয়েছিল তিস্তাপারের এ বিস্তীর্ণ অঞ্চলকে প্রাচ্যের লেকোয়ান সিটির মতো করে গড়ে তোলা হবে। কিন্তু স্থানীয় জনগণের ভাষ্য অনুযায়ী, সে স্বপ্ন বাধাগ্রস্ত হতে হতে এখন অনেকটাই হতাশা সৃষ্টি করছে। তা ছাড়া, তিস্তাপারের লালমনিরহাটে আধুনিক সামরিক বিমান ঘাঁটি গড়ে তোলা থেকে শুরু করে বিমান তৈরি ও বিমানবাহিনীর জন্য একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। কিন্তু তার অগ্রগতি সম্পর্কে এখন আর কিছুই শোনা যাচ্ছে না। বিদায়ের আগে ইউনূস সরকার বলেছিল, লালমনিরহাটসহ তিস্তাপারে ভবিষ্যতে অনেক উন্নয়নের কাজ হবে। নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে এ অঞ্চলে আন্তর্জাতিকভাবেও অনেক প্রযুক্তিনির্ভর উন্নত বিজ্ঞানভিত্তিকে কাজ হবে। এ কথা ঠিক যে, গত রমজানের আগে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং অতি অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ঊর্ধ্বশ্বাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু কাজ আছে যেখানে সঠিক সময়ে যথাযথ তথ্যের অভাবে যথেষ্ট গুজব বা বিতর্কের সৃষ্টি করে। দেশের তিস্তা মহাপরিকল্পনা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক খবর পেতে দেশব্যাপী মানুষ সবসময়ই অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করে। কারণ এগুলো আমাদের জাতির ভাগ্য বদল করে দেওয়ার মতো মহাপ্রকল্প। পদ্মা ব্যারাজ প্রকল্প, যা ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে, সমাপ্ত হলে সেখান থেকে বছরে আমাদের ৮ হাজার কোটি টাকা উপার্জন হবে। বিদ্যুৎ, উৎপাদন, সেচ প্রকল্প ও মৎস্য চাষ থেকে সে অর্থ উপার্জিত হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় ক্ষেত্রে আমাদের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। আগামী অর্থবছর থেকে এ মেগা প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ চালু হওয়ার সম্ভাব্য খবরে দেশবাসী আনন্দিত হলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ধোঁয়াশা মানুষকে নিঃসন্দেহে হতাশাগ্রস্ত করছে। এ ব্যাপারে সরকারকে তার অবস্থান পরিষ্কার করা উচিত।

অসমর্থিত সূত্রে পাওয়া বিভিন্ন তথ্যে জানা গেছে, বাংলাদেশে সরকারের আসন্ন সামরিক বাজেট নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ২৭ হাজার কোটি টাকা চেয়েছে সরকারের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমান বাহিনীর জন্য সম্ভবত রাখা হচ্ছে ১২ হাজার কোটি টাকা। সে অর্থে কেনা হবে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট-জেএফ ১৭ থান্ডার ব্লক থ্রি এবং অ্যাটাক হেলিকপ্টার ও শক্তিশালী রাডার সিস্টেম। এবং তার সঙ্গে থাকবে বিভিন্ন পাল্লার মিসাইল প্রতিরক্ষাব্যবস্থা। সে খবরে জাতি তার প্রতিরক্ষাব্যবস্থায় গর্বিত ও নিরাপদ বোধ করে। এ আধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র কারও ওপর অনৈতিক আক্রমণ চালানোর জন্য নয় বরং প্রয়োজনে আত্মরক্ষার নিমিত্তে ব্যবস্থা গ্রহণ।

বিষয় হলো তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে তা প্রচার করা। তথ্যকে চাপা দিয়ে রাখা কিংবা দেশের জনগণকে কোনো তথ্য জানতে না দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। সম্প্রতি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েন ই ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে তিস্তা প্রকল্প ও তার সম্ভাব্য ঋণ প্রদান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তা জনগণকে জানতে দেওয়া হয়নি। তবে কি তা প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে চূড়ান্ত হবে? সেটা প্রকাশ করলে কী ক্ষতি হতো। তাতে তিস্তা উপকূলের মানুষের দুশ্চিন্তা হয়তো অনেকখানিই লাঘব হতো, সরকারেরও বিশেষ ক্ষতি হতো না। সত্য এক দিন সামনে আসবেই।

লেখক: সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) 
[email protected]

আমাদের বিশ্ববিদ্যালয় এবং ‘কোচিং সেন্টার’ বিতর্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
আমাদের বিশ্ববিদ্যালয় এবং ‘কোচিং সেন্টার’ বিতর্ক
শাহ নিসতার জাহান

আমাদের ছেলেমেয়েরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়; মানে, ভর্তি পরীক্ষার দৌড়ে যখন টিকে যায়, তখন কিন্তু আমরা সেটি নিয়ে খুশি থাকি এবং আনন্দের সঙ্গে অন্যকে জানাতেও পছন্দ করি। সে তুলনায়, কেউ নর্থসাউথ, ব্র্যাক বা এরকম কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এমন সংবাদে খুব উৎসাহিত হতে দেখি না...

বাংলাদেশের একজন মাননীয় মন্ত্রী (জনাব ববি হাজ্জাজ) বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কোচিং সেন্টার। অবশ্য তিনি পরে তার বক্তব্য থেকে সরে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ডেটাসহ বলছেন, তাদের এবং অন্যদের কী অবস্থা। তাদের তথ্য বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। একটি বিশ্ববিদ্যালয়কে হেয় করা হয়েছে, কেউ কেউ বলছেন। আমার মনে হয়, মাননীয় মন্ত্রীর আশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অনেক বেশি ছিল বা আছে। সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে আফসোস থেকে তিনি ওই মন্তব্য করেছেন। কারণ, বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনেক আশা করে এবং সেই আশা ভঙ্গ হলে তারা আশাহত হয়। স্বাভাবিক। আবার, এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েই তারা গর্ব করে। উদাহরণ হিসেবে বলব, আমাদের ছেলেমেয়েরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়; মানে, ভর্তি পরীক্ষার দৌড়ে যখন টিকে যায়, তখন কিন্তু আমরা সেটি নিয়ে খুশি থাকি এবং আনন্দের সঙ্গে অন্যকে জানাতেও পছন্দ করি। সে তুলনায়, কেউ নর্থসাউথ, ব্র্যাক বা এরকম কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এমন সংবাদে খুব উৎসাহিত হতে দেখি না এবং বহু ক্ষেত্রেই এটি কোনো সংবাদ নয়। এর মানে এই নয় যে, এসব বিশ্ববিদ্যালয়ের খুব গুরুত্ব নেই। নিশ্চয় আছে। তবে সেটি সাধারণ্যে অত গুরুত্ব দিয়ে কেউ বলে, অন্তত আমার জানা নেই।

দীর্ঘ সময় ধরে পাবলিক এবং প্রাইভেট, এই দ্বিবিধ লেবেল বা তকমা আমরা শুনে আসছি। সেই লেবেলের মধ্যে একটা বিশাল দেয়াল আছে, এ কথা আশা করি কেউ অস্বীকার করবেন না। আসলে, যে যার মতো কাজ করে যেতে পারলেই হলো। একটি ভালো কাজে কে এগিয়ে থাকে সেটি বিবেচ্য। সেক্ষেত্রে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকাশিত ডেটা (আমি নিজে সেই ডেটার সত্যাসত্য বলতে পারব না। কারণ, আমি সেটি দেখেছি ফেসবুকে) সঠিক হয়, তাহলে বলতে হবে, মাননীয় মন্ত্রী কিছুটা আবেগ কিংবা আশাবঞ্চিত হয়ে সেই কথা বলেছেন। তার এই আবেগকে আমি সম্মান করি। কিন্তু সমস্যা অন্য জায়গায়। যদি ধরেও নিই, মাননীয় মন্ত্রীর ডেটা সঠিক এবং ফেসবুকে যেসব কথা, দাবি উঠেছে, সেগুলো ভুল, সেক্ষেত্রে কিন্তু এ দেশের রাজনীতিকরা দায় এড়াতে পারেন না। আমরা দেখেছি, বাংলাদেশের ভিসি নিয়োগের ক্ষেত্রে কী হয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী ঘটে। আমার অভিজ্ঞতা বলে, একজন ভিসি কেবল টেলিভিশনে যাবেন, ‘টক শো’ করবেন, সেই লোভে একটি বিভাগকেই জলাঞ্জলি দিয়েছিলেন। মোটামুটি যাকে-তাকে ধরে এনে শিক্ষক বানানো হয়েছিল। যারা শিক্ষক হয়ে এসেছেন, তারা জানেন না, একজন শিক্ষকের কাজ কী এবং এটি কেবল একটি বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নয়। উদাহরণ অনেক। ভিসিদের ইচ্ছের মাত্রা বিবিধ। তাহলে, এবংবিধ যখন অবস্থা, শিক্ষকরা পড়াশোনা করবেন কেন? একজন প্রজ্ঞাবান ভিসি আমরা আশা করতে পারি কীভাবে? আমি তো দেখি, বিশ্ববিদ্যালয়গুলোয় তাদের ‘ব্যবসা’ই জমজমাট কিংবা রমরমা, যাদের ওই অর্থে কোনো একাডেমিক কাজ বা ইচ্ছে নেই। সেই ১৯৯৬ সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউসুফ আলীকে সরিয়ে দিয়েছিল তৎকালীন সরকার। কারণ, তিনি বিএনপির ভিসি। রাজনৈতিক বিবেচনায় এর আগেও হয়তো হয়েছিল নিয়োগ, কিন্তু এত উন্মুক্ত অবস্থায় নয়। তারপর থেকে শিক্ষকরা মোটামুটি ‘কুত্তা-দৌড়’ (মাফ করবেন, এই শব্দটি ব্যবহারের জন্য। তবে, আমার কাছে এর চেয়ে ভালো কোনো শব্দ আপাতত নেই) শুরু করলেন রাজনীতি মাথায় নিয়ে, শুধু পদ-পদবির (ভিসি ইত্যাদি) লোভে। সেটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে। এটি যদি তার একাডেমিক কাজ বিবেচনায় হতো তাহলে কিন্তু কোনো কথা থাকত না, শিক্ষকরা অযথা রাজনীতি নিয়ে পড়েও থাকতেন না। এই রাজনৈতিক বিবেচনাতেই শিক্ষক নিয়োগ হয়। আমি তো দেখি বেশ কিছু শিক্ষার্থী এক্ষুনি রাজনৈতিক দৌড়ঝাঁপ করছে, কেবল শিক্ষক হওয়ার আশায়। অথচ তার কাজ ছিল, নিজেকে শিক্ষক হওয়ার জন্য উপযুক্ত করা। সেটি করছে না। কারণ, সে বুঝে গেছে কাকে দিয়ে কাজ হবে এবং এ কাজে বহু ক্ষেত্রেই ইন্ধন দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মানে সেখানে বিভিন্ন পদে বসা মানুষ। কারণ, তারাও হয়তো একই ধারায় নিয়োগপ্রাপ্ত। বিষয়টি কষ্টের।

কিছু কিছু ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য, লিখিত পরীক্ষার ব্যবস্থা আছে। সেটি প্রশ্নাতীত নয়। ভাইবার কথা বাদ দিলাম। আমি বলব, শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, একেবারে লেকচারার পদেই, একটি কাজ করুন না, বিজ্ঞাপনের সঙ্গে বলে দেবেন, একাডেমিক লাইন থাকা জরুরি। মানে, আবেদনের সঙ্গে অন্তত একটি প্রকাশিত আর্টিকেল থাকতে হবে। মানে, তিনি যে শিক্ষক হবেন, তার শুরু তিনি দেখিয়ে দেবেন। তাহলে, আমাদের ওই শিক্ষার্থী আর রাজনীতি নিয়ে থাকবেন না। ভিসি যতই মাথা নষ্ট করুক, এই শর্তের বাইরে যেতে পারবেন না। ফলে, লিখিত পরীক্ষা নেওয়ার দরকারও হবে না। এখন, দেখতে হবে লেখাটি কোন জার্নালে ছাপা হয়েছে। একই কথা বলব শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রেও। তাদের প্রমোশন ওই জার্নালের মানের ওপর হবে। প্রয়োজনে একজন শিক্ষক কখনোই ‘অধ্যাপক’ পদের যোগ্য হবেন না। বিদেশে বহু উদাহরণ আছে, সিনিয়র লেকচারার থেকেই অবসরে। আমরা কেন পারব না? সেজন্য একটি মানদণ্ড থাকতে হবে। তখন বহু শিক্ষকের হম্বিতম্বি বন্ধ হয়ে যাবে। তারা গবেষণায় মন দেবেন নয়তো ছিটকে পড়বেন। কিন্তু মাননীয় মন্ত্রী, সেটি কি করতে পারবেন? চেষ্টা করলে পারতেন; কিন্তু করবেন কি না জানি না। কাজটি ঘটাতে পারলে, ঢাকা কেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেই আপনার হতাশা থাকত না। কিছুদিন আগে আমি একটি বিশ্ববিদ্যালয়ের ‘প্রমোশনাল নিয়োগ বোর্ডে’ গিয়েছিলাম। তাদের আকাঙ্ক্ষা আমার কাছে ভালো লাগল। অন্তত দুটি লেখা Scopus Indexed জার্নালে প্রকাশিত না হলে তারা পদোন্নতি আটকে দিচ্ছেন। শর্ত দিচ্ছেন, পদোন্নতি পেতে হলে, প্রার্থীকে ওই জাতীয় জার্নালে লেখা প্রকাশ করতে হবে এবং ক্ষেত্রবিশেষ একক লেখা। করুন না ওই নিয়ম ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ে। দেখবেন, আপনি আর কাউকে ‘কোচিং সেন্টার’ বলতে পারবেন না। শিক্ষকরা আত্মমর্যাদাবোধ করবেন। কিন্তু সে ব্যাপারে রাষ্ট্রেরও কিছু দায়িত্ব নিতে হবে আপাতত। পরে বিশ্ববিদ্যালয়গুলো নিজেই ঠিক হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী এই কিছুদিন আগেই অনেকটা হতাশার কথা বলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়োগ নিয়ে। আমি আশা করি, এ ব্যাপারে তাহলে তার আগ্রহের কমতি নেই। দেশকে ফেরানোর একটি বড় ইচ্ছা আমরা তার মধ্যে দেখছি। সেটি তার চলাফেরা এবং কথাবার্তায় অপ্রকাশ্য থাকে না। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন তিনি। আপনাদের পক্ষে তাই বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন নীতিমালা তৈরি করে ফেলা অসম্ভব নয়। শুধু একবার এই কাজটি করে ফেলতে পারলে, কিছু শিক্ষক অবশ্য অসন্তুষ্ট হবেন। কিন্তু বহু শিক্ষক খুশি হবেন (আমি আশা করি এই শ্রেণিটিই আপনাকে হতাশামুক্ত করবে এবং করে যাচ্ছে)। আপনি তখন কাউকে ‘কোচিং সেন্টার’ বলতে পারবেন না; কিংবা বললেও তারা গায়ে মাখবেন না। কারণ, আপনার কথা তখন হাস্যকর মনে হবে সবার কাছে। সেখানেই আপনার তৃপ্তি আসবে। বাংলাদেশ নামের রাষ্ট্র আমার এই কথাগুলো সত্যি ভাববে কি? 

লেখক: অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ; চেয়ারপারসন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে
ড. খলিলুর রহমান

যখন নাগরিকরা নিজেদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই ভয় করতে শুরু করে, তখন কোনো জাতি এগোতে পারে না। সরকার জনগণের সেবা করার জন্য–ভয় দেখানোর জন্য নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাজ মানুষের মধ্যে আস্থা, ন্যায়বিচার ও বিশ্বাস সৃষ্টি করা; আতঙ্ক ও সন্দেহ নয়।...

পাসপোর্ট পাওয়ার অধিকার কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়; এটি নাগরিকত্বের একটি মৌলিক অধিকার। পাসপোর্ট শুধু বিদেশ ভ্রমণের নথি নয়–এটি একজন নাগরিকের পরিচয়, জাতীয়তা এবং নিজের রাষ্ট্রের প্রতি তার বৈধ সম্পর্কের স্বীকৃতি। যখন কোনো সরকার রাজনৈতিক পরিচয়, সন্দেহ বা প্রশাসনিক পক্ষপাতের ভিত্তিতে এই অধিকার প্রয়োগ করে, তখন তা ন্যায়বিচার, সমতা ও গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তিকেই দুর্বল করে দেয়।

গত রাতে আমার এক ঘনিষ্ঠ ব্যক্তির ফোন পেলাম, যাকে আমি কয়েক দশক ধরে চিনি। তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে চার দশক ধরে দেশসেবা করে আসছেন। তিনি তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে নতুন বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার জটিলতা নিয়ে আমার সহায়তা চাচ্ছিলেন। তার অভিজ্ঞতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি এমন একটি উদ্বেগজনক প্রবণতার প্রতিফলন, যা ড. ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত প্রশাসনের সময়ে ব্যাপকভাবে দেখা গিয়েছিল।

বিষয়টির বৃহত্তর প্রেক্ষাপটে যাওয়ার আগে একটি বাস্তবতা স্বীকার করা জরুরি। দীর্ঘদিন ধরে ধারাবাহিক সরকারগুলো কূটনৈতিক পাসপোর্টের মর্যাদা ও গুরুত্বকে ক্ষুণ্ন করেছে। অনেকে পেশাগতভাবে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য ছিলেন না কিংবা পেশাদার কূটনীতিক ছিলেন না, তাদেরও এই সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে ঐতিহ্যগতভাবে রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী কূটনীতিকদের জন্য সংরক্ষিত এই নথির গুরুত্ব ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রাতে যিনি আমার সহায়তা চেয়েছিলেন, তিনিও কূটনৈতিক সেবার বাইরে থেকেও কূটনৈতিক পাসপোর্ট পেয়েছিলেন তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য।

তবে কূটনৈতিক পাসপোর্টের অপব্যবহার সংশোধনের নামে কোনো নাগরিককে সাধারণ পাসপোর্ট থেকে বঞ্চিত করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যেকোনো বাংলাদেশি নাগরিক, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি দণ্ড বা আইনি নিষেধাজ্ঞা নেই, তার সমানভাবে পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি শুধু প্রশাসনিক বিষয় নয়; এটি সাংবিধানিক ও মানবাধিকারসংক্রান্ত প্রশ্ন।

দুঃখজনকভাবে, অন্তর্বর্তী সরকারের সময় এমন কিছু চর্চা গড়ে ওঠে, যা দেখে মনে হয়েছে পূর্ববর্তী সরকারে কাজ করেছেন বা একসময় কূটনৈতিক পাসপোর্ট ধারণ করেছেন এমন ব্যক্তিদের শাস্তি দেওয়ার মানসিকতা কাজ করেছে। বহু সম্মানিত সরকারি কর্মকর্তা, পেশাজীবী, শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে এক ধরনের অলিখিত সন্দেহ ও বঞ্চনার শিকার হতে হয়েছে। আইন ও বিধিমালার ভিত্তিতে আবেদন মূল্যায়নের পরিবর্তে রাজনৈতিক পরিচিতি ও ইচ্ছাকৃত প্রশাসনিক জটিলতা সৃষ্টি করা হয়েছে।

আরও দুঃখজনক হলো, ড. ইউনূস ও তার অনির্বাচিত প্রশাসন সমাজে বিভাজন সৃষ্টির রাজনীতিতে জড়িয়ে পড়েছিল। মানুষকে পাশাপাশি দাঁড়াতে উৎসাহিত করার পরিবর্তে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর প্রবণতা তারা উৎসাহিত করেছে।

আমি নিজেও ব্যক্তিগতভাবে এসব চর্চার প্রভাব প্রত্যক্ষ করেছি এবং একজন ভুক্তভোগী। শত শত মানুষ পাসপোর্ট পেতে অপ্রয়োজনীয় বিলম্ব, জটিলতা ও অপমানজনক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে, যখন সাবেক কূটনৈতিক পাসপোর্টধারীদের সাধারণ পাসপোর্ট প্রক্রিয়ায়ও জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর অস্বাভাবিক সম্পৃক্ততা যোগ করা হয়। এতে বৈধ নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক নজরদারির সীমারেখা অস্পষ্ট হয়ে পড়ে।

অন্যদিকে, ড. ইউনূস ও তার ঘনিষ্ঠদের আমলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে প্রচলিত পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা বাতিল করা হয়, যা একটি বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে সমালোচিত হয়েছিল। যদিও অনেক নাগরিক আমলাতান্ত্রিক হয়রানি কমার কারণে এটিকে স্বাগত জানিয়েছিলেন। তবু ক্রমে অভিযোগ ওঠে যে, অতিরিক্ত শিথিলতা অপব্যবহারের সুযোগ তৈরি করেছে। এমনো অভিযোগ সামনে আসে যে, পর্যাপ্ত যাচাই ছাড়াই বাংলাদেশে অবস্থানরত অনাগরিক বা বাস্তুচ্যুত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়া হয়েছে।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি দক্ষতা ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। একটি পাসপোর্ট আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের সার্বভৌম নিশ্চয়তার প্রতীক। এর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হলে তার প্রভাব শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকে না; বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। আজ বিভিন্ন দেশের বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা নাকচ হওয়ার ঘটনা এর একটি অন্যতম নিদর্শন। শুধু ভিসা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা নয়, দুর্বল যাচাই ব্যবস্থা প্রকৃত বাংলাদেশি নাগরিকদের বিদেশযাত্রা কঠিন করে তুলতে পারে এবং রাষ্ট্রকে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে ফেলতে পারে।

ড. ইউনূসের অপশাসনের সময় আরেকটি উদ্বেগজনক বিষয় ছিল বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও অন্যায় আচরণ। অভিযোগ রয়েছে, বিশেষ করে যারা আগে কূটনৈতিক পাসপোর্ট ধারণ করেছেন বা সরকারি দায়িত্বে ছিলেন, তাদের অনেককে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, বিলম্ব এবং ভীতিকর পরিস্থিতির মুখোমুখি করেছেন। অনেক ক্ষেত্রে বৈধ নিরাপত্তা উদ্বেগ ছাড়াই যাত্রীদের যাত্রা বিলম্বিত বা আটকে দেওয়ার অভিযোগও উঠেছে।

এর চেয়েও উদ্বেগজনক ছিল গণমাধ্যমের কিছু অংশের ভূমিকা। বিমানবন্দরের এসব ঘটনার পর কিছু যাত্রীকে উদ্দেশ্যপ্রণোদিত ও চাঞ্চল্যকর সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসমক্ষে সন্দেহভাজন হিসেবে উপস্থাপন করা হয়েছে। অনেক শিরোনাম ও প্রতিবেদন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নিরপেক্ষ তথা উপস্থাপনের চেয়ে ব্যক্তি বিশেষকে হেয় প্রতিপন্ন করার প্রবণতা বেশি ছিল। এটি শুধু পেশাগত নীতির পরিপন্থী নয়; বরং সমাজে ভয় ও বিভাজনের সংস্কৃতি তৈরি করে।

যখন নাগরিকরা নিজেদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই ভয় করতে শুরু করে, তখন কোনো জাতি এগোতে পারে না। সরকার জনগণের সেবা করার জন্য–ভয় দেখানোর জন্য নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাজ মানুষের মধ্যে আস্থা, ন্যায়বিচার ও বিশ্বাস সৃষ্টি করা; আতঙ্ক ও সন্দেহ নয়। এই প্রেক্ষাপটে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন বহু নাগরিকের মধ্যে স্বস্তি ও নতুন আশার সঞ্চার করেছে। নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রত্যাবর্তনকে অনেকে ড. ইউনূসের অনির্বাচিত প্রশাসনের বিতর্কিত চর্চাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ হিসেবে দেখেছেন। এটি উৎসাহব্যঞ্জক যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এসব বিষয়ে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। সাবেক কূটনৈতিক পাসপোর্টধারীদের প্রতি তুলনামূলক মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ এবং বিমানবন্দরে অপ্রয়োজনীয় হয়রানি কমানোর উদ্যোগ প্রশংসার দাবিদার।

বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট যে, এই উন্নয়নগুলো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে, যিনি ঘটনাচক্রে আমারই সিভিল সার্ভিস ব্যাচের কর্মকর্তা ছিলেন এবং প্রশাসনিক বাস্তবতা ও নাগরিক মর্যাদার গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন। কার্যকর শাসনের জন্য শুধু ক্ষমতা নয়; প্রয়োজন প্রজ্ঞা, সংযম ও মানবিকতা।

তবে সংস্কার অর্ধেক পথে থেমে থাকলে চলবে না। বাংলাদেশ এখন এমন একটি আধুনিক, জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক পাসপোর্ট ও অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ পেয়েছে, যা জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করবে। এ ধরনের ব্যবস্থার জন্য কয়েকটি মৌলিক নীতি জরুরি।

প্রথমত, রাজনৈতিক পরিচয়, পেশাগত পটভূমি বা অতীত সরকারি সম্পৃক্ততা নির্বিশেষে সব নাগরিককে সমানভাবে বিবেচনা করতে হবে।

দ্বিতীয়ত, নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়াকে অনানুষ্ঠানিক রাজনৈতিক বিবেচনার পরিবর্তে সুস্পষ্ট আইনি কাঠামোর মধ্যে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

তৃতীয়ত, বিমানবন্দর কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলোকে পেশাদারত্ব ও সংযমের সঙ্গে কাজ করতে হবে, যাতে বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া কোনো যাত্রী হয়রানির শিকার না হন।

চতুর্থত, বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় পূর্বের যথাযথ যাচাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে অ-নাগরিকরা পাসপোর্ট না পায় বা পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে অপব্যবহার রোধ করা যায়, আবার প্রকৃত নাগরিকরাও হয়রানির শিকার না হন।

সবশেষে, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং রাজনৈতিক প্রতিহিংসা বা চরিত্র হননের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া থেকে বিরত থাকতে হবে।

সম্ভবত ড. ইউনূসের অনির্বাচিত প্রশাসনের সবচেয়ে ক্ষতিকর উত্তরাধিকার ছিল নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টি। তাদের সবচেয়ে বড় মেটিকুলাস ডিজাইন ছিল সমাজে মানুষকে সহনাগরিক নয়, প্রতিপক্ষ হিসেবে দেখতে শেখানো। তবে এটি স্বস্তিদায়ক যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সময় সেই বিভাজনের রাজনীতি ধীরে ধীরে অবসানের দিকে যাচ্ছে। গণতন্ত্রে রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক; কিন্তু সন্দেহ, প্রতিশোধ ও সংঘাতনির্ভর শাসনব্যবস্থা জাতীয় ঐক্যকে দুর্বল করে।

বাংলাদেশ ইতোমধ্যে দীর্ঘ রাজনৈতিক মেরূকরণের জন্য বড় মূল্য দিয়েছে। এখন দেশের প্রয়োজন পুনর্মিলন, প্রাতিষ্ঠানিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা। নাগরিকদের উচিত জাতি গঠনের কাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, মুখোমুখি সংঘাতে নয়।

যেকোনো সরকারের দায়িত্ব শুধু আইন পরিচালনা নয়; সামাজিক আস্থা ও জাতীয় সংহতি রক্ষা করাও। যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র ও রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা উভয়ই।

এখন জাতির প্রত্যাশা বাংলাদেশ আরও অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাবে; যেখানে নাগরিক অধিকার সম্মানিত হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকবে এবং প্রশাসন দলীয় স্বার্থের পরিবর্তে জাতীয় স্বার্থে কাজ করবে।

পরিশেষে, পাসপোর্ট কখনোই রাজনৈতিক অস্ত্র হওয়া উচিত নয়। এটি হওয়া উচিত সেই প্রতীক, যা প্রতিটি বাংলাদেশির নাগরিকত্ব, মর্যাদা ও সমঅধিকারের প্রতিনিধিত্ব করে।

লেখক: সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব

বৃদ্ধার করুণ মৃত্যু মানবিক ও মানসিক স্বাস্থ্য ভয়াবহ সংকটে

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:২৮ এএম
মানবিক ও মানসিক স্বাস্থ্য ভয়াবহ সংকটে
মনিরা রহমান

এই ঘটনা আমাদের সমাজের মানবিক মূল্যবোধের গভীর অবক্ষয়কে সামনে নিয়ে এসেছে। এখানে অর্থনৈতিক সংকট, শিক্ষার অভাব বা সামাজিক অক্ষমতার কোনো অজুহাত নেই। সন্তানরা শিক্ষিত ও প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও যদি একজন অসুস্থ, বয়স্ক মায়ের খোঁজ না নেন, তাহলে প্রশ্ন ওঠে মানবিকতা ও পারিবারিক দায়বদ্ধতার জায়গায় এসব কী ঘটছে!

শিশু অবস্থায় যেমন মা-বাবা সন্তানের যত্ন নেন, তেমনি বার্ধক্যে মা-বাবার দেখাশোনা করা সন্তানের নৈতিক দায়িত্ব। সাত দিন ধরে একজন মা মৃত অবস্থায় পড়ে থাকলেন, কেউ ফোনও করল না, এটি এক ধরনের চরম অবহেলা, যা সামাজিক অপরাধের পর্যায়ে পড়ে। এ ধরনের সামাজিক অপরাধ দমনে আইনের যথাযথ প্রয়োগ এবং রাষ্ট্রীয় পদক্ষেপ জরুরি।

বর্তমানে সমাজে সহমর্মিতা ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। আমরা একের পর এক সহিংসতা, নির্মমতা ও ট্রমার মধ্যে বসবাস করছি, যার প্রভাব মানুষের মানসিকতা ও আচরণে পড়ছে। ফলে অনেকেই আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন এবং অন্যের কষ্টের প্রতি সংবেদনশীলতা হারাচ্ছেন।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্তানরা মানসিক ও সামাজিক বিকাশের প্রক্রিয়াগত গবেষণার বিষয় হয়ে গেছেন। কারণ, মানুষ কীভাবে এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে নিজের মায়ের প্রতিও ন্যূনতম সহমর্মিতা থাকে না, বোঝা জরুরি। এ ছাড়া পরিবার, শিক্ষা ও সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা বাড়ানো এবং প্রবীণদের সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে জবাবদিহি ও কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

- মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নির্বাহী প্রধান, ওয়েলবিং ফাউন্ডেশন

বৃদ্ধার করুণ মৃত্যু এ ঘটনা গভীর মূল্যবোধ সংকটের বহিঃপ্রকাশ

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:১৭ এএম
এ ঘটনা গভীর মূল্যবোধ সংকটের বহিঃপ্রকাশ
অধ্যাপক সালমা আক্তার

একা ঘরে মায়ের মৃত্যু, দীর্ঘ সময় সন্তানদের খোঁজ না নেওয়ার ঘটনা–এটা কোনো বিচ্ছিন্ন পারিবারিক দুর্ঘটনা নয়। বরং এটি সমাজের গভীর মূল্যবোধগত সংকটের বহিঃপ্রকাশ। একজন যুগ্ম সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্য কোনো উচ্চপদস্থ পেশাজীবী হওয়া বড় পরিচয় নয়, বড় পরিচয় হলো একজন মানুষ হিসেবে আপনি কতটা দায়িত্বশীল। একজন অসুস্থ, শয্যাশায়ী মায়ের খোঁজ যদি সন্তানেরা না নেয়, তা শুধু পারিবারিক ব্যর্থতা নয়, মানবিকতারও ব্যর্থতা।

আমরা এখন কী দেখছি? অভিভাবকরা সন্তানদের সফল মানুষ বানাতে ব্যস্ত, কিন্তু ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা দিতে তারা ব্যর্থ। কারণ বর্তমানে সমাজে সন্তানের সাফল্যকে মাপা হয় তার চাকরি, আয়, ডিগ্রি কিংবা সামাজিক অবস্থান দিয়ে। কিন্তু মানবিকতা, দায়িত্ববোধ ও পারিবারিক সম্পর্কের মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে পরিবার ও সমাজ উভয়েই পিছিয়ে পড়ছে। 

কর্মসংস্থানের বিস্তার, নগরায়ণ এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির ফলে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। একই সঙ্গে সন্তানদের ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক পরিবেশে বড় করা হচ্ছে। বাবা-মায়ের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে সন্তানকে ভালো স্কুলে পড়ানো, বিদেশে পাঠানো কিংবা উচ্চপদে প্রতিষ্ঠিত করা। কিন্তু তাকে একজন সংবেদনশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়টি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থেকে যাচ্ছে।

সামাজিক এই সমস্যার শিকড় অনেক গভীরে প্রোথিত। তাই এর সমাধানও সহজ নয়। তবে শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে আরও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানবিক সম্পর্কের গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। বৃদ্ধ বাবা-মায়ের দেখভাল নিশ্চিত করতে রাষ্ট্র চাইলে কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে পারে। কারণ সমাজে মানবিকতা ও নৈতিকতার চর্চা না বাড়লে এমন মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতেই থাকবে।

- অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বৃদ্ধার করুণ মৃত্যু বিচারহীনতার সংস্কৃতিতে এ রকম ঘটনা বাড়ছে

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ১১:১৭ এএম
বিচারহীনতার সংস্কৃতিতে এ রকম ঘটনা বাড়ছে
অ্যাডভোকেট মনজিল মোরসেদ

সমাজে পারিবারিক ও সামাজিক বন্ধন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কারণ একজন মা ঘরে একা মারা যাওয়ার পর দীর্ঘ সময় ধরে লাশ পড়ে থাকা এবং সন্তানদের কারোর খোঁজ না নেওয়া শুধু পারিবারিক ব্যর্থতা নয়, এটি সামগ্রিক সামাজিক অবক্ষয়েরও প্রতিফলন। 

সামাজিক সম্প্রীতি ও পারিবারিক সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যাওয়ার পেছনে রাষ্ট্রেরও দায় রয়েছে। পরিবার ও সমাজের বন্ধনকে শক্তিশালী রাখতে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। গত দেড় বছরে বিভিন্ন অনিয়ম, অস্থিরতা, সহিংসতা এবং সামাজিক শৃঙ্খলার অবনতির কারণে মানুষের মানসিক জগতে নেতিবাচক পরিবর্তন এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে যে অসহিষ্ণুতা ও সহিংস আচরণ দেখা গেছে, তা মানুষের মূল্যবোধ ও পারস্পরিক দায়বদ্ধতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

আসলে আইন থাকলেই অপরাধ কমে না। অপরাধ কমে যখন বিচার দ্রুত ও নিশ্চিত হয়। বাংলাদেশে বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং বিচার পাওয়ার অনিশ্চয়তা মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা কমিয়ে দিয়েছে। ফলে অপরাধ বা দায়িত্বহীন আচরণের ক্ষেত্রেও অনেকের মধ্যে ভয় কাজ করে না।

কোনো অপরাধের বিচার যদি ১৫-২০ বছর পর হয়, তাহলে তা সমাজের জন্য কার্যকর বার্তা হয়ে উঠতে পারে না। অপরাধ সংঘটনের এক-দুই বছরের মধ্যেই বিচার ও শাস্তি নিশ্চিত করা গেলে তা অন্যদের জন্য শিক্ষা এবং সতর্কবার্তা হিসেবে কাজ করে। এ জন্য বিচারব্যবস্থার জটিলতা দূর করতে সরকারের দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন।

সামাজিক অবক্ষয়, পারিবারিক বন্ধনের দুর্বলতা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে না পারলে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরও বাড়বে। তাই এখনই সরকারকে সামাজিক শৃঙ্খলা পুনর্গঠন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ। 

- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি