ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতির খবর পাওয়া গেছে। তবে ভর্তিচ্ছু পরীক্ষার্থী যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সেই বিষয়টি নজর রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, প্রশ্নপত্রের সেট বি এর প্রশ্নপত্রের অ্যাকাউন্টিং অংশে এই বিভাগের ১২টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে। অর্থাৎ প্রশ্নপত্রের ২৮-৩১ এবং ৩২-৩৫ নম্বর প্রশ্ন একই।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম খবরের কাগজকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত, ইতোমধ্যে এ বিষয়ে আমরা আলোচনাও করেছি। তবে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা যেন বৈষম্যের শিকার না হন, সেটি আমলে নেওয়া হবে। তাছাড়া যা পরীক্ষা হয়েছে, তার সঠিক মূল্যায়ন করা হবে।’
পরীক্ষা বাতিল হবে কি-না এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, ‘নম্বরে বৈষম্যের শিকার হওয়ার সুযোগ না থাকায় আপাতত, পরীক্ষা বাতিলের কোনো সম্ভবনা দেখছি না।’
এদিকে পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না। তারা যেন কোনোভাবেই মানসিক ট্রমার শিকার না হয়, এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে।’
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৮জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৯ হাজার ৫১০জন, বিজ্ঞান শাখা থেকে ৬ হাজার ৫৮৩জন এবং মানবিক শাখা থেকে ৪ হাজার ৯১৪জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা।
আরিফ জাওয়াদ/মাহফুজ