ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
র‌্যাগিংয়ের দায়ে হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ ফুটবলের উৎপত্তি প্রসঙ্গে আলাস্কার পাগল স্ল্যাকে১ ফুটবল খেলা চলছে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী টেড হিউজ ও মিরোস্লাভ হোলুবের কবিতা কৌতুকপ্রিয়তা আর সমাজ-নিরীক্ষণ প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গ্রামে আমাদের বিশেষ আকর্ষণ ছিল পদ্মার নৌকাভ্রমণ খামেনির মরদেহ নেওয়া হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া দেশে বন্যা হতে পারে জুলাই-আগস্টে: এফএফডব্লিউসি ‘আত্মতুষ্টি আপনাকে শেষ করে দিতে পারে’, অস্ট্রিয়াকে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ রস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু বাজেটের প্রভাবে স্থিতিশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুই জনের মৃত্যু ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ, আশায় দীপ্যমান শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কে? হাতিয়ায় নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার ৮৮ বছরের খরা কাটিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণ ও রুপার দাম মাদারীপুরে শিক্ষকের ওপর হামলা, পঙ্গু হাসপাতালে ভর্তি চট্টগ্রাম ও সিলেটসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস বিশ্বকাপের মঞ্চেই বিদায় বলবেন রোনালদো! ছুটির দিনে ঢাকার বাতাস ‘সহনীয়’ এইচএসসিতে ঝরে পড়া বাড়ার দায় কার? লালমনিরহাটে ৪ দিন পর্যন্ত অন্ধকারে ২২ হাজার গ্রাহক মুখোমুখি অস্ট্রেলিয়া-মিসর: দুই দলেরই ইতিহাস গড়ার হাতছানি

রাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার, আসনপ্রতি লড়বেন ৫৫ জন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
রাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার, আসনপ্রতি লড়বেন ৫৫ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১২ এপ্রিল)। এদিন বেলা ১১টায় ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এ ভর্তিযুদ্ধ শুরু হবে। প্রথমবারের মতো এবারই দেশের ৫টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তিনটি ইউনিটে ৪ হাজার ৩২৩টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৩৭ হাজার ৪১৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ৫৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী লড়বেন। 

পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো রাজশাহীসহ দেশের ৫টি বিভাগের শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার কেন্দ্রগুলোতে ইতোমধ্যেই লাগানো হয়েছে সিট প্ল্যান। পরীক্ষা চলাকালে অভিভাবকদের অপেক্ষার জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১১টি টেন্ট স্থাপন করা হয়েছে। ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের সহায়তার জন্য ছয়টি হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে তৈরি করেছে কঠোর নিরাপত্তা বেস্টনী। এ ছাড়াও ভর্তি জালিয়াতি ও প্রক্সিকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জালিয়াত চক্রের অপতৎপরতা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা সজাগ রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। 

সার্বিক বিষয়ে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রিকরণের ফলে অভিভাবক ও ভর্তিচ্ছুদের চাপ অনেকটা কমে এসেছে। ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল ও খাবারের দাম নিয়ন্ত্রণে নজরদারি করা হবে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়/মাহফুজ

র‌্যাগিংয়ের দায়ে হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
র‌্যাগিংয়ের দায়ে হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫ এবং ২৬ ব্যাচের ৭২ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে অনার্সে নতুন ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে র‌্যাগিংয়ে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ওই দুটি ব্যাচের ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসন এ ধরনের কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

র‌্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে র‌্যাগিংয়ের অপসংস্কৃতি চিরতরে নির্মূল করতে প্রশাসন কঠোর হস্তে এ ধরনের উদ্যোগ নিয়েছে।

শোকজের নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে ২ জন শিক্ষার্থী রয়েছে।

সূত্র জানায়, গত কয়েক দিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কর্ণাই গ্রাম, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসে নতুন শিক্ষার্থীদের সাথে র‌্যাগিংয়ের খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

এ সময় টিমের সদস্যরা র‌্যাগিংয়ের প্রাথমিকভাবে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছেন। র‌্যাগিংয়ে প্রত্যকটি ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধানে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের প্রত্যেকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। শোকজ নোটিশে ৭ কর্ম দিবসের মধ্যে তাদের ৭২ জনের প্রত্যেকে ঘটনাস্থলে উপস্থিত থেকে স্ব-শরীরে  কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বাসসকে বলেন, 'র‌্যাগিংয়ের অভিযোগে ৭২ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।'

শোকজের লিখিত জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের পক্ষ থেকে সন্তোষজনক জবাব না পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্তে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলে তিনি ব্যক্ত করেন।

জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম
জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষের বারান্দায় কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। একই ঘটনায় ওই কক্ষের চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১লা জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন। সদস্য হিসেবে রয়েছেন হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল এবং সহকারী অধ্যাপক ড. শাহাদাত হোসেন। কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

হল প্রশাসন জানায়, ২ জুলাই চার শিক্ষার্থী রসায়ন বিভাগের ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত শামীম, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের মো. গিয়াসউদ্দিন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫০তম ব্যাচের মো. রাকিব এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমানকে পৃথকভাবে একই ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

নোটিশে বলা হয়, গত ২৭ জুন হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি কালেমা খচিত পতাকা টানানো দেখা যায়। পরে এ–সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কক্ষটির আবাসিক শিক্ষার্থী হিসেবে এ ঘটনার দায় তারা এড়াতে পারেন না। আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের কার্যালয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন বলেন, “আজ আমরা প্রথম বৈঠক করেছি। চার শিক্ষার্থীর মধ্যে একজনের সঙ্গে কথা বলতে পেরেছি, তবে বাকিদের পাওয়া যায়নি। তাই সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা রবিবার সকাল ১০টার মধ্যে লিখিত বক্তব্য জমা দেবেন। এরপর সোমবার আবার বৈঠকে বসে বিষয়টি পর্যালোচনা করা হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে যার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে লিখিত বক্তব্য পাওয়ার আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না।”

অভিযোগের বিষয়ে আরিফ হাসনাত শামীম বলেন, “আমাদের ওই রকম কোনো উদ্দেশ্য ছিল না। আমরা একজন মুসলিম হিসেবে ধর্মীয় অনুভূতি থেকে এবং দাওয়াতের নিয়তে পতাকাটি টাঙিয়েছিলাম। মানুষ ফুটবল নিয়ে যেভাবে মত্ত হয়ে আছে, সেখান থেকে ধর্মীয় সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেছি।”

তিনি বলেন, পতাকাটি প্রায় দুইদিন টানানো ছিল। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে সেটি নামিয়ে ফেলা হয়।

তালেবান বা অন্য কোনো উগ্রপন্থি সংগঠনের সঙ্গে পতাকাটির কোনো সম্পর্ক ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ওই রকম কোনো উদ্দেশ্য ছিল না। এ ধরনের কোনো প্রশ্নই আসে না।”

তদন্ত কমিটির বিষয়ে আরিফ হাসনাত শামীম বলেন, পরীক্ষার কারণে তিনি প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তবে হল প্রশাসনের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই লিখিতভাবে দেবেন।

উল্লেখ্য, গত ২৭ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় কালেমা খচিত একটি পতাকা টানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে হল প্রশাসনের নির্দেশে পতাকাটি নামিয়ে ফেলা হয়।

আমানউল্লাহ/নাঈম

ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে
ছবি: খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো পরিচালিত সমন্বিত বৃক্ষ শুমারি ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি গোত্রের ২৭৭টি প্রজাতির মোট ১৭ হাজার ১৬১টি বৃক্ষ শনাক্ত ও গণনা করে হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই শুমারির ফলাফল প্রকাশ করা হয়।

প্রজাতির ভিত্তিতে ৫৮ শতাংশ দেশি এবং ৪২ শতাংশ বিদেশি প্রজাতি শনাক্ত হয়েছে। তবে বৃক্ষ সংখ্যার ভিত্তিতে দেশি ও বিদেশি বৃক্ষের অনুপাত যথাক্রমে ৫৪ শতাংশ ও ৪৬ শতাংশ।

সর্বাধিক আধিক্যসম্পন্ন ১৫টি বৃক্ষ প্রজাতির মধ্যে পাঁচটি বিদেশি প্রজাতি রয়েছে, যার মধ্যে মেহগনি, দেবদারু, ম্যাকারথুরি পাম, রেইনট্রি এবং সেগুন উল্লেখযোগ্য।

শুমারি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় এলাকার বৃক্ষসমূহের মোট ভূ-উপরিভাগীয় জীবভর ৯,৯০০ মেট্রিক টন এবং ভূ-নিম্নীয় জীবভর ২,৩৭০ মেট্রিক টন। এসব বৃক্ষের মাধ্যমে মোট ৪,৬৫০ মেট্রিক টন কার্বন মজুদ রয়েছে। জীবভরের ক্ষেত্রে দেশি ও বিদেশি বৃক্ষের অবদান যথাক্রমে ২১.৫ শতাংশ এবং ৭৮.৫ শতাংশ।

উপযোগিতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃক্ষসম্পদের মধ্যে ফলদ বৃক্ষ ২৫ শতাংশ, প্রাণিকূল সহায়ক বৃক্ষ ২২ শতাংশ, ঔষধি বৃক্ষ ২১ শতাংশ, কাঠ উৎপাদনকারী বৃক্ষ ২০ শতাংশ এবং শোভাবর্ধনকারী বৃক্ষ ১২ শতাংশ।

বৃক্ষের স্বাস্থ্য মূল্যায়নে মোট ১,৮১১টি বৃক্ষকে বিভিন্ন মাত্রার স্বাস্থ্যগত ঝুঁকিতে এবং ২,২১৩টি বৃক্ষকে সম্ভাব্য বৃক্ষজনিত বিপর্যয় শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘বৃক্ষ শুমারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৃক্ষসম্পদ সম্পর্কে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ সবুজায়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিত বৃক্ষরোপণ ও সুষ্ঠু পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটি ক্যাম্পাসে পরিণত করতে হবে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা নির্মল পরিবেশে স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন। এ লক্ষ্যে পরিবেশবান্ধব বৃক্ষ সংরক্ষণ, ফলজ ও উপকারী গাছের সংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ ও টেকসই ক্যাম্পাস গঠনে বৃক্ষ শুমারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাছড়া ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পর্যায়ক্রমে নতুন বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এসময় বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবিরসহ আরও অনেক উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

২০২৫ সালে পরিচালিত এ শুমারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পাঁচটি প্রধান জরিপ একক এবং ৪৫টিরও বেশি উপ-এককে বিভক্ত করে প্রতিটি বৃক্ষের তথ্য ডিরেক্ট মেজারমেন্ট মেথড অনুসরণ করে সংগ্রহ করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে প্রজাতিগত বৈচিত্র্য, জীবভর, কার্বন মজুদ এবং অন্যান্য সূচক নিরূপণ করা হয়।

একইসঙ্গে গুগল মাই ম্যাপস এবং এআরসিজিআইএসের সহায়তায় একটি উন্মুক্ত, ডিজিটাল ও মানচিত্রভিত্তিক বৃক্ষ ডাটাবেজও তৈরি করা হয়েছে।

এই শুমারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৃক্ষসম্পদের প্রজাতিগত বৈচিত্র্য, পরিবেশগত অবদান, কার্বন মজুদ, স্বাস্থ্যগত অবস্থা এবং স্থানিক অবস্থানের একটি পূর্ণাঙ্গ ও বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরিফ জাওয়াদ/এএফ

ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম
ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব
ছবি: খবরের কাগজ

দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা বিষয়ক আয়োজন ‘ফিনিক্স সামিট ঢাকা ২০২৬’-এ ‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব ইন বাংলাদেশ ২০২৬’ সম্মাননা অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাইবার সিকিউরিটি ক্লাব।

দেশের প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাবগুলোর মধ্যে কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং সচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ফিনিক্স সামিটের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম।

সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, সদস্যদের নিরলস পরিশ্রম, দলগত প্রচেষ্টা এবং সাইবার নিরাপত্তা সচেতনতা তৈরিতে ধারাবাহিক কাজের ফল হিসেবে এ স্বীকৃতি এসেছে। এটি শুধু সাইবার সিকিউরিটি ক্লাবের অর্জন নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেরও। এই অর্জন ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলেও আশা করি।

সমাপনী অনুষ্ঠানে দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এ এস এম শামীম রেজা, থিম্পু টেকপার্কের চিফ প্রোগ্রাম অফিসার কিনলে শেরিং, অ্যাক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল হোসেন নোবেল এবং রয়্যাল হলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডনের সাইবার সিকিউরিটি ডিরেক্টর ফাউজিয়া ইদ্রিসসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, দেশের অন্যতম বড় এই তথ্যপ্রযুক্তি সম্মেলনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী, ৭৩টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ক্লাব পার্টনার একত্রিত হয়। পাঁচ দিনব্যাপী আয়োজিত এই বিশেষ সামিটে সার্বিক সহযোগিতা প্রদান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই নজরুল বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাব বিশ্ববিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ আয়োজন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সাইবার নিরাপত্তা চর্চায় উৎসাহিত করতে নিয়মিত কাজ করে আসছে।

তাসনিম/এএফ 

চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম
চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া  শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ (২ জুলাই) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দুই ধাপে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রম আগামী রবিবার থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওরিয়েন্টেশনের প্রথম পর্ব সকাল ৯টায়। এ পর্বে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, জৈব চিকিৎসা কৌশল এবং ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন।

দ্বিতীয় পর্ব সকাল ১০টা ৩০ মিনিটে। এতে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, মেকাট্রনিক্স ও শিল্প প্রকৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের নবাগত শিক্ষার্থীরা অংশ নেবেন।

কেন্দ্রীয় ওরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে বিভাগীয় পরিচিতি ও দিকনির্দেশনামূলক সভায় অংশ নেবেন। পাশাপাশি মধ্যাহ্নভোজের আয়োজনও রাখা হয়েছে।

পরে শিক্ষার্থীদের দুপুর আড়াইটার মধ্যে নিজ নিজ আবাসিক হলে উপস্থিত হয়ে হল-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সম্মানিত অতিথি চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

এ বিষয়ে অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, আবহাওয়ার অনিশ্চয়তার কারণে এবার খোলা মাঠের পরিবর্তে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। স্থানসংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি দুই ধাপে সম্পন্ন করা হবে।

ইবাদ/হীরা