চাঁদপুরের হাজীগঞ্জের একটি মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে পাকিস্তানের এক লেখকের জামায়াতের গঠনতন্ত্রমূলক বই বিতরণ করেছেন ওই মাদরাসার শিক্ষক মিজানুর রহমান।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় গেলে দেখা যায় এমন দৃশ্য।
পরে বিষয়টি জানতে পেরে ওই শিক্ষকের তথ্য অনুযায়ী ইসলামিয়া লাইব্রেরি থেকে সেই বইগুলো জব্দ করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, টানা এক মাস পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুয়া সপ্তম শ্রেণির ১৮ জন শিক্ষার্থীর মাঝে এই বই বিতরণ করা হয়। বইগুলো হলো-পাকিস্তানের লেখক সাইয়েদ আবুল আলা মওদুদীর ইমানের হাকিকত, ইসলামের হাকিকত ও নামাজ রোজার হাকিকত।
এ বিষয়ে শিক্ষক মিজানুর রহমান বলেন, আমি মাদরাসায় দীর্ঘ ২২ বছর কর্মরত আছি। টানা এক মাস পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে বইগুলো উপহার হিসেবে দেওয়ার কথা হয়। তার জন্যই শিক্ষার্থীদের উপহারস্বরূপ বইগুলো দেওয়া হয়েছে।
তবে দেশের লেখকদের বই থাকতে কেন পাকিস্তানের লেখকের বই দেওয়া হলো- এ বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি শিক্ষক মিজানুর রহমান।
বইগুলো কোথা থেকে এনেছেন- জানতে চাইলে মিজানুর রহমান জানান, হাজীগঞ্জ বাজারের ইসলামিয়া লাইব্রেরি থেকে কিনেছেন বইগুলো।
মাদরাসার অধ্যক্ষ মো. শামসুদ্দিন বলেন, ‘আমার এ বিষয়ে কিছুই জানা নেই। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি এম হাশেম জানান, দেশে এত লেখকের বই থাকতে পাকিস্তানের লেখকের বই কেন দিয়েছে শিক্ষক তা জানা নেই। তবে এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, ইসলামিয়া লাইব্রেরি থেকে কিছু বই জব্দ করা হয়েছে। এ ছাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষক মিজানুর রহমানকে শোকজ করেছে। পুরো বিষয়টি তদন্ত হচ্ছে।
শরীফুল ইসলাম/জোবাইদা/অমিয়/