চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনেই যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে নগরের ইপিজেড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে পোশাকশ্রমিকদের নেওয়ার জন্য ইপিজেড মোড়ে দাঁড়িয়েছিল বাসটি। এ সময় যাত্রীবেশে বাসের ভেতরে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িক বন্ধ থাকে।
চট্টগ্রাম ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. ইসমাইল বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন বলেন, ‘ভোরে যাত্রী তোলার জন্য বাসটি ইপিজেডের সল্টগোলা ক্রসিং এলাকায় দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন বাসে উঠে আগুন লাগিয়ে দ্রুত নেমে পড়ে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন খবরের কাগজকে বলেন, ‘আমরা বারবার বলেছি আমাদের কোনো গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হলে ওই এলাকা বা ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল বা যুবদলকে দায়ভার নিতে হবে। আমাদের গাড়ি চলবে। আমরা এ অবরোধ মানি না। পাশাপাশি আজকের ঘটনায় মামলা করা হবে।’
এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি।
ইফতেখারুল ইসলাম /ইসরাত/অমিয়/