মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে বড় একটি জাহাজ সরাসরি জেটিতে এসে ভিড়েছে। এখন পর্যন্ত মাতারবাড়ী চ্যানেল দিয়ে গত তিন বছরে কয়লা ও বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল নিয়ে ১২০টি জাহাজ এসেছে।
রবিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে জাহাজটি বিদ্যুৎকেন্দ্রের জেটিতে প্রবেশ করে।
জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) জাহাজটি এসে জেটিতে ভেড়ার অপেক্ষায় ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান থাকায় জাহাজটি সেখানে ভিড়তে অনুমতি দেয়নি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্তৃপক্ষ। পানামার পতাকাবাহী ২২৯ মিটার দীর্ঘ এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের জাহাজটি ৬৫ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার তারানহা বন্দর থেকে এসেছে।
সিপিজিসিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, জাহাজটি শনিবার আসলেও মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান থাকায় আমরা জাহাজটি জেটিতে ভেড়ার অনুমতি দেইনি। তাই রবিবার সকাল ১১টার দিকে জাহাজটি জেটিতে আনা হয়েছে। কয়লার পরীক্ষা শেষে সেগুলো খালাস করে রিজার্ভারে নেওয়া হবে বলে জানান তিনি।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। জাপান সরকারের সহায়তায় ব্যয় করা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে এখন নিয়মিত ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি চ্যানেলের পাশাপাশি মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রও উদ্বোধন করেন। এছাড়া মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দরের টার্মিনালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আ. রহিম