বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ও সেনাবাহিনীর সঙ্গে শান্তি আলোচনা ও বিভিন্ন বিষয়ে সমঝোতার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় রোয়াংছড়ি ও থানচিতে ৩২টি পরিবারের ৯৫ জন সদস্য তাদের নিজ পাড়ায় ফিরে এসেছে।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এসব পরিবারেরগুলোকে সেনাবাহিনীর পক্ষ থেকে নানা সহায়তা দেওয়া হয়েছে। প্রায় ৯ মাস আগে এই পরিবারগুলো আতঙ্কে নিজ এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়।
স্থানীয়রা জানিয়েছে, রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া, খানতামপাড়া, ক্যাপলংপাড়াসহ আশপাশের এলাকা থেকে ২১ বম পরিবার এলাকায় ফিরে গিয়েছেন। অন্যদিকে থানচি উপজেলার প্রাতাপাড়ায় ফিরে গেছেন ১১ পরিবার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহ্লাং মারমা জানান, কেএনএফের সঙ্গে শান্তি আলোচনার পর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তারা এখন এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশপাশের পাড়া থেকে পালিয়ে যাওয়া পরিবারগুলো এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। তাদের নানা সহায়তা দেওয়া হচ্ছে। এলাকায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম চৌধুরী জানান, এর আগেও আশ্রয় নেওয়া পরিবারগুলোকে প্রশাসন থেকে সহায়তা দেওয়া হয়েছে। নতুন করে যারা এসেছে তারা যদি সহযোগিতা চায় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, গত বছরের অক্টোবরে পাহাড়ে নতুন গজিয়ে উঠা সশস্ত্র সংগঠন কেএনএফ তৎপরতা শুরু করলে বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এ সংগঠনটির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত পাঁচসেনা সদস্যসহ ২৬ জন নিহত হন। তবে পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনতে শান্তি প্রতিষ্ঠা কমিটি ও কেএনএফের মধ্যে আলোচনায় কয়েকটি বিষয়ের সমঝোতা হওয়ার পর এলাকার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।
রাহাত/জোবাইদা/অমিয়/