চট্টগ্রামের সাতকানিয়ায় দুই পক্ষের মারামারিতে মাদকসেবীর ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শাহনেওয়াজ ও আনোয়ার হোসেন নামে তার দুই ভাই।
বুধবার (২২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত তারেকুল ইসলামকে তাৎক্ষণিক আটক করে পুলিশ। তবে তিনিও আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত শাহাদাত ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, নিহত শাহাদাতের চাচা আবু তালেব স্থানীয় একটি বাড়িতে নৈশপ্রহরীর কাজ করেন। সোমবার দিবাগত রাতে একই এলাকার অভিযুক্ত তারেক কয়েকজনকে নিয়ে ওই বাড়ির পাশে মাদক সেবন করছিলেন। আবু তালেব তাদেরকে মাদক সেবন করতে নিষেধ করায় তারা তাকে ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় আবু তালেব মঙ্গলবার সাতকানিয়া থানায় একটি অভিযোগ করেন।
এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে শাহাদাত হোসেন মিঠাদীঘি এলাকায় তার নিজের দোকানে ছিলেন। এ সময় তারেককে দেখে শাহাদাত তার চাচাকে আগেরদিন মারধরের কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে শাহাদাতকে ছুরিকাঘাত করে তারেক।
খবর পেয়ে শাহাদাতের বড় ভাই আনোয়ার ও ছোট ভাই শাহনেওয়াজ ঘটনাস্থলে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন শাহাদাতসহ তাদের দুই ভাইকে উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইফতেখারুল ইসলাম/পপি/অমিয়/