আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সিআইপি ও স্বতন্ত্র প্রার্থী কমেডিয়ান কমর উদ্দিন মুকুলসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে যাচাই-বাছাইয়ের প্রথম পর্ব শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, জনতা ব্যাংক লালদীঘি শাখা থেকে ‘ফিস প্রিজারভারস’ নামক প্রতিষ্ঠানের বিপরীতে সালাহ উদ্দিন আহমদসহ অন্য পরিচালকরা প্রায় ৫০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যা পরবর্তীতে খেলাপি হয়। পরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ী সালাহ উদ্দিন আহমদ এখনো সেই ঋণের একজন জামিনদার।
আরও জানা যায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও বাংলাদেশ ব্যাংকের সিআইবি (Credit Information Bureau) রিপোর্ট অনুযায়ী সালাহ উদ্দিন আহমদ একজন ঋণখেলাপি। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই।
এ বিষয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘যে অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি আদালতের মাধ্যমে স্টে করা ছিল। কেন মনোনয়ন বাতিল করা হলো আমি জানি না। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করব।’
এদিকে স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন মুকুলসহ বাকি চারজনের মনোনয়ন কেন বাতিল করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানা যায়নি।
বাতিল হওয়া বাকি তিনজন হলেন- স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী ও শামসুদ্দিন ইলিয়াছ।
এ ছাড়া কক্সবাজার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ বাদশা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের মনোনয়ন বিবেচনায় রাখা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল শর্মা বলেন, ‘দ্বিতীয় পর্বে কক্সবাজার-৩ ও ৪ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। কাদের বিবেচনায় রাখা হয়েছে তাও জানানো হতে পারে।’
মুহিবুল্লাহ্/সাদিয়া/অমিয়/