ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে (জানুয়ারি-জুন) ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগের/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্যে থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তার/তাদের অধীন এবং মাধ্যমে পিএইচডি গবেষণার জন্য আবেদন করতে হবে। ঢাবির ওয়েবসাইট (https://du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আবেদন ফরমের ফি: ভর্তি ফরমের ফি বাবদ জনতা ব্যাংকে (ঢাবি, টিএসসি শাখায়) ১০০০ টাকা জমা দিতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রির সমতা নিরূপণ করার পর ভর্তির জন্য আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা: এমফিল পাস অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
কলা/সামাজিক বিজ্ঞান/বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে স্বীকৃত মানের জার্নালে প্রার্থীদের কমপক্ষে দুটি গবেষণামূলক প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে। অন্তত একটি গবেষণামূলক প্রকাশনা একক নামে হতে হবে। শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক/ সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে ৩ দশমিক ৫ অথবা সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে। উল্লেখিত ন্যূনতম নম্বর বজায় রেখে সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউট/ পিএইচডি উপকমিটি/অনুষদ নিজ নিজ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করবে। অথবা, তিন বছর মেয়াদি স্নাতক সম্মান এবং এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিচের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
১. প্রার্থীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/ শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক/সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে ৩ দশমিক ৫ অথবা সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে। এই ন্যূনতম নম্বর বজায় রেখে সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউট/পিএইচডি উপকমিটি/অনুষদ নিজ নিজ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করবে। পিএইচডি প্রোগ্রামে প্রচলিত নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের অন্যান্য যোগ্যতা প্রযোজ্য হবে। ২. প্রার্থীদের স্নাতক পর্যায়ে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃতমানের গবেষণাপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের গবেষণাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা অথবা সরকারি/ বেসরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং ৩. স্বীকৃতমানের জার্নালে প্রার্থীদের কমপক্ষে দুটি গবেষণামূলক প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে। তবে কলা/সামাজিক বিজ্ঞান/বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রকাশনা একক নামে হতে হবে। অন্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রী আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অন্তর্গত বিভাগগুলোতে সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক কমিটি এবং অনুষদীয় পিএইচডি উপকমিটির সুপারিশক্রমে ভর্তি হতে পারবে। এ ক্ষেত্রে সুপারভাইজারের পরামর্শে বিশেষ ব্যবস্থায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম চার ক্রেডিটের একটি কোর্সওয়ার্ক থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনপত্র সংগ্রহের আগে তাদের অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ও এমফিল ভর্তির যোগ্যতা যাচাই এবং সমতা নিরূপণ কমিটির আহ্বায়কের (ডিন, ফার্মেসি অনুষদ, মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনসংলগ্ন) কাছে দরখাস্ত জমা দিতে হবে।
আবেদনপত্রে সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে: আবেদনপত্র স্পষ্ট করে লিখে/টাইপ করে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ভর্তি ফরমের ফি বাবদ জমা করা ১০০০ টাকার জমার রশিদের মূল কপি, সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/ বিভাগের চেয়ারম্যান/ ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের অফিসে জমা দিতে হবে এবং গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে।
কবীর